Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৬

ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন

আরম্ভ ওয়েব ডেস্ক
ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ডায়মন্ড হারবারের ৪টি এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথ মিলিয়ে মোট ১৫টি বুথে আগামী শনিবার, ২ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর একাধিক অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, “ডায়মন্ড হারবারে মাত্র ৪টি নয়, ১৬টি বুথে এবং মগরাহাট পশ্চিমে ৭টি বুথে পুনর্নির্বাচন হওয়া উচিত ছিল। ফলতার সব বুথে আবার ভোট হওয়া উচিত।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, “দক্ষিণ ২৪ পরগণায় বিজেপি নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় কমিশনকে দিয়ে রিপোল করানো হচ্ছে। ইভিএমে কারচুপি করে ভোট করবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কমিশনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, “ওখানে তো ‘দাবাং বনাম পুষ্পা’ ভোট হয়েছিল, তাহলে দাবাং কী করল?”
সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এবং ফলতা বিধানসভার একাধিক বুথ পরিদর্শন করেন। সেখানে বুথ দখল, ভোটারদের ভয় দেখানো, ইভিএমে টেপ লাগানো, ক্যামেরা ও সিসিটিভি বন্ধ করে ভোট গ্রহণসহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী অফিসার জ্ঞানেশ কুমার।
পরিদর্শনের পর সুব্রত গুপ্ত ফলতা বিধানসভার ৩০টি বুথসহ আরও কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেন। তবে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ডায়মন্ড হারবারের ৪টি ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয়পাল শর্মা-কে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। ভোটের আগে তিনি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান-এর বাড়িতে গিয়ে ভোটারদের ভয় না দেখানোর জন্য সতর্কবার্তা দেন। ‘সিংঘম’ নামে পরিচিত এই অফিসারকে কটাক্ষ করে জাহাঙ্গির খান বলেন, “উনি যদি সিংঘম হন, তাহলে আমরা পুষ্পা। এটা ফলতার মাটি, এখানে ওসব চলবে না।”
শেষ পর্যন্ত একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এই ১৫টি বুথে কঠোর নিরাপত্তার মধ্যে পুনরায় ভোটগ্রহণ হবে, ফলে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের আবারও ভোটের লাইনে দাঁড়াতে হবে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!