Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৩, ২০২৬

অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহার, রাজ্যজুড়ে জমায়েতে নিষেধাজ্ঞা : ভোটের আগে ‘চরম অ্যাকশন’-এ নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহার, রাজ্যজুড়ে জমায়েতে নিষেধাজ্ঞা : ভোটের আগে ‘চরম অ্যাকশন’-এ নির্বাচন কমিশন

ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে বড়োসড়ো পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ফৌজদারি মামলায় অভিযুক্ত বা অপরাধমূলক অতীত থাকা সত্ত্বেও যাঁরা সরকারি নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে এ বিষয়ে একটি বিস্তারিত ও আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে, যা নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হবে। অভিযোগ রয়েছে, রাজ্যে এমন বহু ব্যক্তি রয়েছেন যাঁরা বর্তমানে জামিন বা প্যারোলে মুক্ত থেকেও পদমর্যাদা বা সম্ভাব্য হুমকির অজুহাতে সরকারি নিরাপত্তা ভোগ করছেন। এই পরিস্থিতিতেই কমিশন কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্দেশ অনুযায়ী, ২ এপ্রিল রাতের মধ্যেই এই ধরনের সমস্ত ব্যক্তির নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র, পুলিশ জেলা এবং কমিশনারেট এলাকায় বর্তমানে কতজন ব্যক্তি সরকারি নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের নাম ও পদবী-সহ পূর্ণাঙ্গ তালিকাও জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও, সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির প্রেক্ষিতে বেআইনি জমায়েত রুখতে রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। কমিশনের অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলেও সতর্ক করেছে কমিশন। শুধু তাই নয়, সিইও দফতরে যাওয়ার ক্ষেত্রেও পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূলপন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ধর্না মঞ্চ নিয়েও কড়া সতর্কবার্তা দিয়েছে কমিশন। ভবিষ্যতে পুনরায় সেখানে বিক্ষোভ দেখানোর চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত সাসপেনশনের নির্দেশ দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গল ও বুধবার দফায় দফায় অশান্তির জেরে ইতিমধ্যেই সিইও দফতরের বাইরে গড়ে ওঠা দুটি বিক্ষোভ মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম প্রভাব বিস্তার বা অশান্তি এড়াতেই কমিশনের এই দ্বিমুখী কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!