- দে । শ
- ডিসেম্বর ২৯, ২০২২
ভোটের হার বাড়াতে কমিশনের নতুন দাওয়াই
ভোটদান প্রক্রিয়াকে আরও গণমুখী করতে চাইছে নির্বাচন কমিশন। বহু সংখ্যক মানুষ যাতে নির্বাচনে ভোট দিতে আসে তাই রিমোট ভোটিং চালু করবে কমিশন।
কাজের সূত্রে যারা বাইরে থাকেন তাদের অনেক সময়ই ভোটের সময় কর্মক্ষেত্র থেকে ছুটি পান না। ফলে ভোট দানের ইচ্ছা থাকলেও ভোটদাতারা নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। তবে এই সমস্যার সমাধান বর্তমানে হতে চলেছে। পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যে বসবাসকারী নাগরিকদের এই সমস্যার সমাধানে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এক বিশেষ ধরনের ইভিএম(মাল্টি কন্সটিটুয়েন্সি ইভিএম) তারা আনতে চলেছেন, যার মাধ্যমে একসাথে ৭২ কেন্দ্রে ভোট দেওয়া যাবে।। এই প্রযুক্তির সমস্ত খুঁটিনাটি দিক বোঝাতে সব রাজনৈতিক দলকে আগামী ১৬ জানুয়ারির মিটিং-এ ডেকেছে কমিশন।
২০১৯ এর লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৭.৪ শতাংশ। ভোটদানের হার এত কম দেখে কমিশন চিন্তাভাবনা শুরু করে এর কারণ নিয়ে। সমীক্ষায় বেরিয়ে আসে যে অনেকেই বাড়ি থেকে দূরে কর্মস্থলে থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম সরান না। অনেকে কর্মস্থল কয়েক বছর অন্তর পরিবর্তন করেন বলে সমস্যা থেকে যায়। সে কারণে এই যন্ত্র যদি ব্যবহার করা শুরু হয় তাহলে এই সমস্যা দূর হবে বলে কমিশন কর্তৃপক্ষের দাবি। কমিশন সমস্ত রাজনৈতিক দলকে ৩১ জানুয়ারির মধ্যে তাদের মতামত জানাতে বলেছে । সবার মতামত গ্রহণ করার পর বিচার বিশ্লেষণ করে এই যন্ত্রের প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।
❤ Support Us





