- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
শিলিগুরি ইন্টারসিটিতে ইঞ্জিনের ধাক্কা, উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা !
ফের ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। একের পর এক বিপত্তি চলছেই। মঙ্গলবার সকাল ৯.৩০ টায় নাগাদ দিনহাটার বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ধাক্কা মারে ইঞ্জিন। দুঘটনায় আহত হয়েছেন ২ শিশু-সহ মোট ৬ জন যাত্রী। রেল সূত্রে খবর, শিলিগুড়িমুখী ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রেনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় দুই শিশু সহ মোট ৬জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ আশপাশ থেকে লোকজনও ঘটনাস্থলে যায় ৷
ইতিমধ্যে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে পুলিশ। তবে কারও আঘাতই গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। সাতসকালে এই আকস্মিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের ভূমিকা নিয়ে। যাত্রীদের অভিযোগ, এক্ষেত্রে রেলকর্মীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷ ধাক্কার কিছুক্ষণ পর ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় ৷ এবিষয়ে এক যাত্রী বিমল চক্রবর্তী বলেন, ‘এদিন স্টেশনে ইঞ্জিন ঘোরানোর কাজ চলছিল ৷ সেই সময় ইঞ্জিন দ্রুত গতিতে ট্রেনের বগিতে ধাক্কা মারে৷ কয়েকজন জখম হয়েছে ৷’ এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানান, কেন এমনটা হল খতিয়ে দেখা হচ্ছে ৷
এটি শুধু কোচবিহার নয়, গত বছর উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল। এছাড়া গত এক বছরে সারা দেশজুড়ে কমবেশি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। যার ফলে জনমানসে রেলের নিরাপত্তা নিয়ে বড়ো প্রশ্ন ও সংশয় জেগেছে। কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত এই দুর্ঘটনার কারণ নির্ধারণ করা এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই ধরনের দুর্ঘটনা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
❤ Support Us






