Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমালো কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমালো কেন্দ্র

জ্বালানির আন্তর্জাতিক সংকটের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করেছে। শুক্রবার সকালে জানানো হয়, প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর শুল্ক ১০ টাকা করে কমানো হয়েছে । আগে যেখানে পেট্রলে ১৩ টাকা এক্সাইজ ডিউটি ধার্য ছিল, তা কমে দাঁড়াল ৩ টাকায় । অন্যদিকে, ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা থেকে শুল্ক কমে শূন্যে নেমে এসেছে।

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম ব্যাপক বেড়েছে । এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের তেল বিপণনকারী সংস্থাগুলির উপর, যাদের খরচ বেড়েছে এবং অনেক ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে । তবে সরকার স্পষ্ট করেছে যে আগামী ৬০ দিনের জন্য অন্যান্য উৎস থেকে দেশে পর্যাপ্ত অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে । পাশাপাশি, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর নতুন করে প্রতি লিটার ৫০ টাকা এক্সাইজ ডিউটি আরোপ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দেশের অন্যতম বৃহত্তম শোধনাগার নয়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে । তারা পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করার পর সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমিয়ে দিল। সরকার যদি এই পদক্ষেপ না গ্রহণ করত তাহলে আম জনতার ওপর চাপ পড়ত ।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি কেন্দ্রগুলিতে ১০ দিনের জন্য হামলা স্থগিত করার কথা ঘোষণা করার পর শুক্রবার প্রথম দিকে লেনদেনে দাম সামান্য কমে যায় । ব্লেন্ড অপরিশোধিত তেলের দাম ০.‌৮% কমে ব্যারেল প্রতি ১০৭.‌১১ ডলারে দাঁড়িয়েছে । অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ০.৮৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৩.৬৫ ডলারে নেমেছে । আগের দিন উভয় তেলের দামি উল্লেখযোগ্যভাবে বেড়েছিল ।

বিশেষজ্ঞদের মতে, এক্সাইজ ডিউটি কমানো হলেও তার সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়ার সম্ভাবনা কম । কারণ, তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, এই ছাড়ের সুবিধা তারা মূলত সেই ক্ষতি পোষাতে ব্যবহার করতে পারে । ফলে খুচরো বাজারে পেট্রল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা আপাতত খুবই কম বলেই মনে করা হচ্ছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!