Advertisement
  • দে । শ
  • জুন ১০, ২০২৬

মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

মেসি-সংক্রান্ত বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ১৭ অগস্ট পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে । একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যেতে পারবে এবং অরূপ বিশ্বাসকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে ।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে অরূপ বিশ্বাসকে তাঁর পাসপোর্ট সংশ্লিষ্ট নিম্ন আদালতে জমা দিতে হবে । ভবিষ্যতে তদন্তের স্বার্থে পুলিশ কোনও নোটিস পাঠালে তাঁকে হাজির থাকতে হবে । তবে সেক্ষেত্রে পুলিশকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে । যদি তিনি নোটিসের জবাব না দেন বা তদন্তে সহযোগিতা না করেন, তাহলে তদন্তকারী সংস্থা বিষয়টি আদালতের নজরে আনতে পারবে । এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া অরূপ বিশ্বাস নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না ।

শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে যে, অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং বহু ফুটবলপ্রেমী লিওনেল মেসিকে দেখার আশায় টিকিট কিনেছিলেন । নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটায় মেসিকে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয়েছিল । তবে দেশের অন্য তিনটি শহরে একই ধরনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও আদালত উল্লেখ করে । আদালতের মতে, ওই ঘটনায় কলকাতার ঐতিহ্য সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ হয়েছে বলা যায় না । সেই কারণেই মামলাকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছে, যদিও আদালত এ-ও স্পষ্ট করেছে যে, বিষয়টি নিয়ে তারা চোখ বন্ধ করে থাকবে না ।

শুনানির সময় আদালত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে । বিচারপতি জানতে চান, “অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু ? তিনি মেসির এত কাছে কেন গিয়েছিলেন ?” পাশাপাশি আদালতের প্রশ্ন, দেশের অন্য তিনটি শহরে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও কলকাতায় কেন বিশৃঙ্খলা তৈরি হল ?

মামলাকারী শতদ্রু দত্তের আইনজীবী আদালতে দাবি করেন, অনুষ্ঠানের জন্য প্রায় ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল । অভিযোগ, অরূপ বিশ্বাস একাই তাঁর বিধানসভা এলাকার জন্য প্রায় ২২ হাজার টিকিট নিয়েছিলেন । আরও অভিযোগ করা হয়, বিভিন্ন ক্লাবের কাছেও ওই টিকিট বিক্রি করা হয়েছিল ।

ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালত বিধাননগর পুলিশ কমিশনারেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে । কেন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত করা সম্ভব হল না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে । চার সপ্তাহের মধ্যে তদন্ত-সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাই কোর্ট ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!