Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২, ২০২৪

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে দেশে ফেরাতে উদ্যোগ মুম্বই পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে দেশে ফেরাতে উদ্যোগ মুম্বই পুলিশের

সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর মামলায় মোস্ট ওয়ান্টেড কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মার্কিন যুক্তরাষ্ট্র আনমোল বিষ্ণোইয়ের সেদেশে উপস্থিতি সম্পর্কে তথ্য জানানোর পরই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করে বলে জানা গেছে। এর আগে আনমোল কানাডায় রয়েছেন বলে মনে করা হচ্ছিল।

মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট অনুসারে সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর মামলায় এক বিশেষ আদালত আনমোল বিষ্ণোইয়ের গ্রেফতারের জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে যে, তারা প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতের কিছু নথি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রত্যার্পন সংক্রান্ত প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। ইতিমধ্যেই বিদেশে অনুসন্ধানের জন্য একটি রেড কর্নার নোটিশও জারি করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
জাতীয় তদন্ত সংস্থা ও ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা অক্টোবরে মোস্ট ওয়ান্টেড তালিকায় আনমোল বিষ্ণোইকে যুক্ত করেছে। তাকে গ্রেপ্তারের জন্য ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বিষ্ণোই গ্যাং ২০২২ সালে গায়ক সিধু মুসওয়ালাকে হত্যার পরে স্পটলাইটে এসেছিল। এরপর চলতি বছরের এপ্রিলে সলমান খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার পরে আবার শিরোনামে ফিরে আসে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় জড়িয়ে পড়ার পর লরেন্স বিষ্ণোইয়ের নামে হুমকি অব্যাহত থাকায় সলমান খানের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

অক্টোবরে সলমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকের হত্যার মামলাতেও বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ২০২২ সালে বিষ্ণোই ভাইদের দিল্লি এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ এবং যুবকদের নিয়োগ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!