Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৬

অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে নিখরচায় ছানি অপারেশন নন্দীগ্রামে

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে নিখরচায় ছানি অপারেশন নন্দীগ্রামে

নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির আনুষ্ঠানিকভাবে শেষ হলেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম–১ ও নন্দীগ্রাম–২ নম্বর ব্লকে গত ১৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। দুই ব্লকেই দু’টি মডেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

শিবিরে বহু প্রবীণ মানুষের চোখের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে বিশেষ চিকিৎসা ও ছানি অপারেশনের পরামর্শ দেন এবং ‘রেফার’ করেন। সেই তালিকা থেকে ১৪ জনের ছানি অপারেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সম্পূর্ণ বিনা খরচে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি বেসরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে এই অস্ত্রোপচার করা হয়।

নন্দীগ্রাম–২ ব্লকের বাসিন্দা আরতি বেরা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে জানতে পারেন তাঁর চোখে গুরুতর সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রেফার করা হয়। পরে অভিষেকের উদ্যোগে তাঁর চোখে সফল লেজার সার্জারি সম্পন্ন হয়, তাও বিনামূল্যে।

রবিবার এক্স (সাবেক টুইটার)-এ এই পরিষেবা অব্যাহত রাখার ছবি ও ভিডিও পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাঁদের ছানি অপারেশন হয়েছে, তাঁদের অভিজ্ঞতার ভিডিও-ও শেয়ার করা হয়। এক্স-এ অভিষেক লেখেন, নন্দীগ্রামের মানুষ তাঁর উপর আস্থা রেখেছেন এবং সেই আস্থার মর্যাদা দেওয়া তাঁর দায়িত্ব। দ্রুততা ও সহানুভূতির সঙ্গে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই ‘সেবাশ্রয়’ শিবির আয়োজন করা হয়েছিল। সেখানে রুটিন চেক-আপ থেকে শুরু করে বিশেষায়িত চিকিৎসা এবং পরবর্তী ফলো-আপের ব্যবস্থাও রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে নন্দীগ্রাম বিধানসভার প্রতিটি অঞ্চলে এই ধরনের শিবির আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার-এ যে মডেলে ‘সেবাশ্রয়’ শিবির পরিচালিত হয়, নন্দীগ্রামেও সেই একই মডেল অনুসরণ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারেও আনুষ্ঠানিকভাবে শিবির শেষ হওয়ার পর চিকিৎসার ব্যবস্থা চালু রাখা হয়েছিল।

এ দিন এক্স-এ তিনি আরও লেখেন, যখন তিনি দেখেন কোনও নাগরিক দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন, তখন এই উদ্যোগ কেন চালিয়ে যাচ্ছেন, তা নতুন করে উপলব্ধি করেন। নন্দীগ্রাম শিবির থেকে যাঁদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, তাঁদের চিকিৎসার ব্যবস্থাও ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!