Advertisement
  • দে । শ
  • মে ১৬, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভোটপ্রচারে বিজেপির বিরুদ্ধে একের পর এক কড়া মন্তব্য ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর বিভিন্ন বক্তব্যের ভাষা নিয়ে আগেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছিল। এবার সেই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য খতিয়ে দেখে সাইবার অপরাধ সংক্রান্ত ধারাতেও মামলা করা হয়েছে বলে সূত্রের দাবি। জানা যাচ্ছে, মোট পাঁচটি ধারায় মামলা দায়ের হয়েছে, যার মধ্যে কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচারে প্রায় প্রতিটি জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন অভিষেক। গত ২৭ এপ্রিল এক জনসভায় তিনি বলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।”

এই মন্তব্যকেই কেন্দ্র করে আপত্তি তোলেন অভিযোগকারী রাজীব সরকার। তিনি পুলিশের কাছে অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি, অভিষেকের বিভিন্ন সভার বক্তব্যের ভিডিও ক্লিপিংসও প্রমাণ হিসেবে জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপি নেতা তাপস রায় মন্তব্য করেছেন, “আজ রাতেই ওকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়কে) গ্রেপ্তার করা উচিত।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!