- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৪, ২০২৬
বিবি গাঙ্গুলি স্ট্রিটের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
বুধবার সকালে উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লেগে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা জানান, ‘মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। ভয়ে কেউ কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা এবং উত্তুরে হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
দোকানের কর্মীরা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ‘আমরা কাঠের কাজ করছিলাম। আচমকাই দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পেলাম। প্রথমে ভয় পেয়ে দোকানের বাইরে চলে এলাম। পরে দেখলাম দোকানের উপরে একটি টিনের অংশ দাউদাউ জ্বলছে। আমরা কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। অন্যরা দোকানে থাকা কিছু আসবাবপত্র বাইরে বের করে আনতে পারে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে প্রথমবার আগুন দেখা যায়। তবে দোকানের ভিতরে থাকা প্লাইউড, কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই বিল্ডিংয়ে আরো ২টি দোকানও আগুনের কবলে পড়েছে।
ঘন জনবসতিপূর্ণ এলাকায় কালো ধোঁয়া পুরো আকাশ ঢেকে দিয়েছে। উত্তুরে হাওয়ায় আগুনের বিস্তার তীব্র হয়েছে। পাশের বহুতলগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছাড়ছেন। পুলিশ ও দমকল বাহিনী এলাকা ঘিরে রেখেছে। ওই রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে, যার ফলে আরও বড় যানজট সৃষ্টি হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে থাকলেও পার্শ্ববর্তী দোকান থেকে প্লাইউড ও কাঠের সামগ্রী সরানো হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে এটি আশেপাশের আরও বহুতল ও বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ রয়েছে। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
❤ Support Us






