Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৬

কালীঘাট মেট্রো স্টেশনের পাশের ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাট মেট্রো স্টেশনের পাশের ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনের পাশের একটি ধাবায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামানো হয় দমকলের দু’টি ইঞ্জিন। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৮টার কিছু পরে ওই ধাবায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সকাল ৮টা ২২ মিনিট নাগাদ দমকলের কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে জোরকদমে চেষ্টা চালাচ্ছেন।

তবে ঠিক কী কারণে ওই ধাবায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলবাহিনীর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। এদিকে, সকালবেলা ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনের কাছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের জেরে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক যানজটও তৈরি হয়েছে বলে খবর।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কলকাতার মহাকরণের পিছনে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে জানা যায়, ওই বাড়িতে একটি সংস্থার অফিসে আগুন লাগে। বাড়ির উপরের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ চেষ্টার পর দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কয়েক দিন আগেই কলকাতার অভিজাত সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই গুদামে রাসায়নিক পদার্থ এবং পোশাক তৈরির বিভিন্ন সামগ্রী মজুত ছিল। আগুন নেভানোর কাজে নামানো হয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন।

পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি কলকাতার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। তবে সাম্প্রতিক সময়ে শহরে ঘটে যাওয়া এই চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!