- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১২, ২০২৩
পঞ্জাবের সেনা ছাউনিতে চলল গুলি, মৃত চার সেনা। ঘটনার তদন্তে সেনা ও পুলিশ
বুধবার ভোরে পঞ্জাবের ভাতিন্ডার সেনা ছাউনির ভিতরে আচমকা চলেছে গুলি। এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজন সেনার। ঘটনার পরে এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেনার তরফে চালানো হচ্ছে তল্লাশি। এখবর জানিয়েছে সেনাবাহিনীর দক্ষিণ-পশ্চিম কম্যান্ড।
সেনা সূত্রে এদিন ভোরে সেনাছাউনিতে গুলি চালনার ঘটনা এবং চার সেনাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেলেও কে বা কারা গুলি চালিয়েছে, সেব্যাপারে এখনও কিছুই জানা যায়নি।
জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমেছে সেনা এবং পুলিশ। সেনাকর্তারা এবং তদন্তকারী পুলিশ এর চেয়ে কিছু ভেঙে বলতে নারাজ। এদিকে কৌতূহল দেখা দিয়েছে, কারা এই ঘটনাটি ঘটাল।
খলিস্তানি নেতা অমৃতপাল সিং বেশ কিছুদিন ধরেই পলাতক। অমৃতপালের খোঁজে চলছে তল্লাশি। এরপরই সেনা ছাউনিতে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তার সঙ্গে খলিস্তানপন্থীদের কোনও আছে কিনা এনিয়েও চলছে জল্পনা।
সূত্রের খবর, দু’দিন আগে সেনাছাউনির একটি ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড গুলির কোনও হদিশ মেলেনি। হদিশ না মেলা ওই ইনসাস রাইফেল ব্যবহার করে ওই চার সেনাকর্মীকে হত্যা করা হল কিনা তা নিয়েও সেনা বিস্তারিতভাবে কিছু জানায়নি। মৃত চার সেনাকর্মীর নামও এখনও প্রকাশ করা হয়নি। চার সেনাকে গুলি করে হত্যার ঘটনার পরে অপরাধীকে পাকড়াও করা গিয়েছে কিনা এপর্যন্ত জানা যায়নি তাও।
তবে জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অফিসারদের মেসে। পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলেও তাঁরা এখনও সেনাছাউনির ভিতরে ঢুকতে পারেনি। ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা জানিয়েছেন, তদন্তকারী পুলিশকর্মীরা সেনা ছাউনির বাইরেই অপেক্ষা করছেন ছাউনিতে ঢোকার সবুজসঙ্কেত না মেলায়।
❤ Support Us






