- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৫
দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে যৌন অত্যাচারের ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্তই
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় পঞ্চম অভিযুক্তকেও গ্রেফতার করলো পুলিশ । প্রাথমিক তদন্তে রবিবার তিনজনকে গ্রেফতার করে পুলিশ । পরে রবিবার রাতে বাকিদের খোঁজে জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় আরও একজনকে আটক করে পুলিশ ৷ ঘটনায় আটক হওয়া শেষ ব্যক্তি দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী । তাকে আজ দুর্গাপুর আদালতে পেশ করা হবে ।
নির্যাতিতা দুর্গাপুরের একটা বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । শুক্রবার রাত ৮টা নাগাদ সহপাঠী এক ছাত্রের সঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে খেতে বেরিয়েছিলেন । দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন মোহনবাগান অ্যাভিনিউ ধরে হাঁটার সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ মিটার দূরে ৫ জন যুবক অন্ধকারের মধ্যে নির্যাতিতাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অবিযোগ। তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় । আটক তরণীর সহপাঠীও । গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।
দুর্গাপুরের এসডিজেএম প্রথমে অভিযুক্তদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন । আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দুর্গাপুর) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন । অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগেছে বিরোধী শিবির ৷ পাল্টা ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে তোপ দাগেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷ সোমবার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিজেপি ৷ বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির অন্য নেতারা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ ইতিমধ্যেই নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী কেন এখনো নির্যাতিতার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেননি, সে প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি । যদিও এই অভিযোগ ওঠার পর থেকেই পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাধিপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেছেন, যৌন নির্যাচনের অভিযোগ উঠতেই রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন । অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গে দ্বিতীয়বার সফরের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, “যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় । পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি । কোনও অপরাধী যেন রেহাই না পায় ।”
সোমবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন ওড়িষার সরকারি আধিকারিক শিপ্রা বাজপেয়ী । পাশাপাশি, এদিন ‘ভয়েস অফ অভয়া’, ‘ভয়েস অফ উইমেন্সে’র সদস্যরা এবং আরজি কর হাসপাতালের চিকিৎসক দলও আসেন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ৷ কিন্তু কলেজে তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ।
❤ Support Us








