Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৬, ২০২৫

উদ্ধারকার্য চলার ফাঁকেই গাজায় নাসের হাসপাতালে পরপর দুবার হামলা, ৫ সাংবাদিকসহ ২১ জন নিহত

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্ধারকার্য চলার ফাঁকেই গাজায় নাসের হাসপাতালে পরপর দুবার হামলা, ৫ সাংবাদিকসহ ২১ জন নিহত

সোমবার পরপর দুটি ইজরায়েলি হানায় দক্ষিণ গাজায় ৫ সাংবাদিকসহ ২১ জন নিহত হয়েছেন। প্রথম হামলার পর উদ্ধার কার্যের সময় আবার হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এই নিয়ে গত ২ বছরে ইজরায়েলি হানায় গাজায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হলেন। এই প্রথম গাজায় হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
দক্ষিণ গাজায় অবস্থিত নাসের হাসপাতালের একটা ভবন লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালায় ইজরায়েলি সেনা। যখন আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় আবার বিমান হামলা চালানো হয়। প্রথম হামলার পর সাংবাদিকরা হাসপাতালের ছাদ থেকে সরাসরি খবর সম্প্রচার করছিলেন। সেই সময় তাঁদের ওপর বিমান থেকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইজরায়েলি বিমানবাহিনী।
ইজরায়েলি সেনার এই হামলায় কাতারভিত্তিক টিভি নেটওয়ার্ক আল জাজিরার একজন চিত্রসাংবাদিক এবং ক্যামেরাম্যান মহম্মদ সালামা নিহত হয়েছেন। এছাড়া মিডল ইস্ট আই–এর ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ, চিত্রসাংবাদিক মোয়াজ আবু তাহার, রয়টার্সের হুসাম আল–মাসরির মৃত্যু হয়েছে। আর এক সাংবাদিক হাতেম খালেদ গুরুতর আহত। রয়টার্সের এক মুখপাত্র বলেছেন, ‘‌গাজার নাসের হাসপাতালে ইজরায়েলি হামলায় রয়টার্সের হুসাম আল–মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার খবরে আমরা মর্মাহত।’‌
আল জাজিরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, ইজরায়েলি বাহিনীর এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সত্যকে চাপা দেওয়ার জন্য ওরা সাংবাদিকদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করেছে।’‌ অ্যাসোসিয়েটেড প্রেস এক বিবৃতিতে বলেছে যে, ‘‌যুদ্ধের শুরু থেকেই সংস্থার জন্য কাজ করা ৩৩ বছর বয়সী ভিজ্যুয়াল সাংবাদিক মারিয়াম দাগ্গার মৃত্যুতে আমরা মর্মাহত।’‌ রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইজরায়েলের জঘন্য হামলায় ‌আমাদের একজন সাংবাদিক নিহত হয়েছেন। একজন আহত। হাতেমের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পেতে গাজা ও ইজরায়েলের কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য অনুরোধ করেছি।
হামলার পরপরই এএফপি–র ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরের মেঝেতে বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিরা রক্তাক্ত মৃতদেহ এবং শরীরের বিচ্ছিন্ন অংশ নিয়ে মেডিকেল কমপ্লেক্সে ছুটে আসে। একটা ভবনের ওপরের তলা থেকে একজনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আহতদের মধ্যে একজন মেডিকেল স্টাফ ও সাদা কোট পরা একজন মহিলাও ছিলেন, যাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মহিলার পায়ে ব্যান্ডেজ করা ছিল, সারা পোশাক রক্তে ভেজা।
চলতি মাসের শুরুতে গাজা শহরের আল–শিফা হাসপাতালের বাইরে ইজরায়েলি বিমান হামলায় আল জাজিরার ৪ জন সাংবাদিক এবং ২ জন ফ্রিল্যান্সার নিহত হন, যার ফলে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল ও হামাস যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেনয
এদিকে, এই প্রথম হামলার জন্য দুঃখপ্রকাশ করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এক্স–এ লিখেছেন, ‘‌নাসের হাসপাতালের ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের প্রাণের মূল্য ইজরায়েল জানে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। আমাদের লড়াই শুধু হামাসদের বিরুদ্ধে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!