Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৬

দেশের শীর্ষ আদালতে একসঙ্গে ৫ নতুন বিচারপতি নিয়োগ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের শীর্ষ আদালতে একসঙ্গে ৫ নতুন বিচারপতি নিয়োগ

ভারতের সুপ্রিম কোর্টে পাঁচ জন নতুন বিচারপতির নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁদের মধ্যে চার জন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম ২২ ও ২৭ মে এই পাঁচ জনের নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগে সম্মতি দেন।

নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিও ইতিমধ্যে জারি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) এই নিয়োগের বিষয়টি প্রকাশ্যে জানান।

সুপ্রিম কোর্টের নতুন পাঁচ বিচারপতি হলেন —

• শীল নাগু — পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি
• শ্রী চন্দ্রশেখর — বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি
• সঞ্জীব সচদেবা — মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি
• অরুণ পাল্লি — জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি
• ভেঙ্কিটা সুব্রামণি মোহানা — সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট

উল্লেখ্য, কিছু দিন আগেই সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে, যার মধ্যে প্রধান বিচারপতির পদও অন্তর্ভুক্ত। বর্তমানে সুপ্রিম কোর্টে মোট ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন। তবে বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি পঙ্কজ মিথাল আগামী জুন মাসে অবসর গ্রহণ করবেন। এই পরিস্থিতিতে নতুন পাঁচ বিচারপতির নিয়োগ দেশের সর্বোচ্চ আদালতের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!