- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৪, ২০২৫
মণিপুর-মায়ানমার সীমান্তে অস্ত্র ও আফিমসহ ইউএনকেএ-র পাঁচ কর্মী গ্রেফতার
আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ মায়ানমার সীমান্ত সংলগ্ন মণিপুরের চুরাচাঁদপুর জেলায় একটি যৌথ অভিযানে নিষিদ্ধঘোষিত ইউনাইটেড ন্যাশনাল কুকি আর্মি (ইউএনকেএ)-র পাঁচ কর্মীকে অত্যাধুনিক অস্ত্র, গুলি এবং আফিমসহ গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইউএনকেএ নেতারা তরুণদের সংগঠনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মণিপুর-মায়ানমার সীমান্তের একটি সংবেদনশীল এলাকায় সতর্ক অবস্থানে ছিল।
কর্মকর্তারা শনিবার জানিয়েছেন যে এই অভিযানের সময় বৃহস্পতিবার চুরাচাঁদপুর জেলার হেংলেপ সাব-ডিভিশনের সংকোট গ্রাম এলাকা থেকে ইউএনকেএ-র পাঁচ সক্রিয় কর্মীকে ধরা হয়েছে। ধৃতদের মধ্যে পুলিশ চারজনের নাম প্রকাশ করেছে, তবে একজন কিশোর হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে। ধৃত পাঁচজনই চুরাচাঁদপুর জেলার বাসিন্দা।
কে. ফাইজাং গ্রামের কামগৌলেন (২৩), বলকোট গ্রামের লাহুনখোলেন সিংসন (২৬) এবং এস. বুয়ালকোট গ্রামের খাইগিনপাউ (৩৭)। কে. ফাইজাং গ্রামের আরও একজন কর্মী গ্রেপ্তার হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। কিশোরটিকে ইউএনকেএ-তে পুরোপুরি অন্তর্ভুক্ত হওয়ার আগেই আটক করা হয় এবং পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
প্রায় চার ঘণ্টা চলা অভিযানে, বাহিনী একটি এম৭৯ গ্রেনেড লঞ্চার (তিনটি বোমাসহ), পাঁচ রাউন্ডসহ দুটি ৯ মিমি পিস্তল, চারটি চার্জারসহ আটটি রেডিও সেট, আট জোড়া জঙ্গল বুট, তিন কেজি আফিমের বীজ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
ধৃতদের সহযোগী এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত চলছে। ইউএনকেএ “অপারেশন সাসপেনশন” (এসওও) চুক্তির অংশ নয়। এসওও-এর অধীনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুর-মায়ানমার সীমান্তে সক্রিয় ২৫টি কুকি বিদ্রোহী সংগঠনের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছে। তবে ইউএনকেএ ভারত ও মায়ানমার মিলিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানাচ্ছে।
❤ Support Us






