- দে । শ
- নভেম্বর ৫, ২০২৫
চলতি মরশুমে ৬৭ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির খাদ্যদফতরের
রাজ্যে পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে ধান ক্রয়ের মরশুম । নভেম্বর থেকে ২০২৬ এর জুন পর্যন্ত, রাজ্যের কৃষকদের কাছ থেকে ৬৭ লক্ষ টন ধান কেনার লক্ষমাত্রা স্থির করেছে রাজ্য সরকার । এজন্য পশ্চিমবঙ্গে ৬১৬টি স্থায়ী ক্রয়কেন্দ্র (সিপিসি) চালু করেছে রাজ্য খাদ্যদফতর । ব্যবস্থা করা হয়েছে মোবাইল সিপিসিরও ।
গত পাঁচ দিনে রাজ্য খাদ্য দফতরের কাছে ধান বিক্রির জন্য ২৩ লক্ষ কৃষক নাম নথিভূক্ত করিয়েছেন । এবছর রাজ্যে ধানের ফলন ভালে হয়েছে, প্রতি কুইন্টাল ধানের নূন্যতম সহায়ক মূল্য ২৩৬৯ টাকা । অনলাইনে সময়ের স্লট বুকিং করে রাজ্যের কৃষকরা সিপিসি ধান বিক্রি করতে পারবেন ।
২০২৫ এর নভেম্বর থেকে ২০২৬ এর জুন পর্যন্ত ধাপে ধাপে মোট ১৬ হাজার কোটি টাকার শস্য কৃষকদের কাছ থেকে কিনবে রাজ্য সরকার । এরমধ্যে নভেম্বরে ৬ লক্ষ টন, এবং পরবর্তী দুমাসে ২৫ এবং ২২ লক্ষ টন ধান কিনবে খাদ্যদফতর । খরিফ এবং বোরো চাষের মরশুমে প্রায় ৮ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে সংশ্লিষ্ট দফতর ।
গত মরশুমে রাজ্য সরকার ৫৬ লক্ষ টন ধান কেনে কৃষকদের কাছ থেকে । যা সর্বকালীন রেকর্ড । চলতি মরশুমে সেই রেকর্ড অতিক্রম হবে বলে আশাবাদী খাদ্যদফতর ।
❤ Support Us





