- দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৫
জঙ্গলে নিষিদ্ধ বনভোজন। কড়াকড়ি নজরদারি বন দফতরের
শীত মানেই পিকনিক, আর পিকনিক মানেও আনন্দে ভেসে গিয়ে পরিবেশ অপরিছন্ন করা। তাই এ বছর ফের নিজেদের অধীনে থাকা জঙ্গলগুলিতে পিকনিকের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। ইতিমধ্যেই নিষেধাজ্ঞার পোস্টার দেওয়া শুরু হয়েছে এবং মাইকিং করে প্রচারও চলছে। পিকনিক মরশুম ঘনিয়ে আসতেই বনে বাড়তি নজরদারির প্রস্তুতি নিয়েছে বন দপ্তর ও পুলিশ। বিভিন্ন পিকনিক স্পটেই যৌথ ক্যাম্প বসিয়ে থাকবে দুই দপ্তর।
বালুরঘাটে ডাঙ্গা ও দোগাছি ফরেস্ট, তপনে পাহাড়পুর ও গোফানগর ফরেস্ট এবং কুমারগঞ্জে কুমারগঞ্জ ফরেস্ট—গত কয়েক বছরে এসব জঙ্গলে পিকনিকের ভিড় উপচে পড়ত। তারস্বরে ডিজে বাজানো, জঙ্গলে আবর্জনা ফেলে রাখা—এসবের জেরে বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ ব্যহত হচ্ছিল বলেই অভিযোগ। তার পরেই জারি করা হয় নিষেধাজ্ঞা।
স্থানীয় বাসিন্দা দেব প্রামাণিক ও ম্যাক্স রায়ের অভিযোগ, ‘‘গত কয়েক বছর ধরে এই সব ফরেস্টে পিকনিক করতে দেওয়া হয় না। এখন ডাঙ্গি ছাড়া পিকনিকের কোনও জায়গাই নেই। প্রশাসনের উচিত বিকল্পের ব্যবস্থা করা।’’
এ প্রসঙ্গে বালুরঘাট বন দপ্তরের রেঞ্জার তাপস কুণ্ডু জানান, ‘‘বন দপ্তরের অধীনে থাকা কোনও ফরেস্টেই পিকনিক করা যাবে না। এ নিয়ে পোস্টার লাগানো হচ্ছে। মরশুমে আমাদের কর্মী ও পুলিশ যৌথ নজরদারি চালাবে।’’
জঙ্গলের পরিবেশ রক্ষা করতেই এই কঠোর পদক্ষেপ বলে জানাচ্ছে বন দপ্তর।
❤ Support Us





