- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১, ২০২৩
শারীরিক অবস্থার উন্নতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে মঙ্গলবার সকালে অনেকটাই ভাল আছেন। ইনভেসিভ ভেন্টিলেশন খোলার পর থেকে তাঁকে ৫ থেকে ৬ ঘণ্টা অন্তর বাইপ্যাপ ভেন্টিলেশন দেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে দেওয়া হয়েছে ফিজিয়োথেরাপি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বুদ্ধদেববাবু যাতে নিজে থেকে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন সে জন্যই তাঁকে পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে। রক্তে শর্করার পরিমাণ যাতে লাগামছাড়া না হয় সে জন্য তাঁকে ইনস্যুলিনও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁর শরীরের অন্যান্য প্যারামিটার এখন আগের চাইতে ভালো আছে। এই অবস্থা থাকলে তাঁকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে।
সোমবার দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করা হয়েছিল। তার পর তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি এখনও পর্যন্ত হয়নি। যাতে আগামিদিনে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সে জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। সোমবার অনেক রাত পর্যন্ত হাসপাতালেই ছিলেন বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা। রাতেই তাঁর পালমোনারি ফিজিয়োথেরাপি করানো হয়েছে। এর ফলে তিনি নিজে থেকে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন। তবে মাঝে মাঝে তাঁকে ‘নন-ইনভেসিভ বাইপ্যাপ সাপোর্ট’ এখনও দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ মোকাবিলায় কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। যে পরিমাণ অ্যান্টিবায়োটিক শরীরে যাচ্ছে, তাতে এর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা যে থাকছে না সেটা নয়। এর ফলে বুদ্ধদেবের কিডনি প্রভাবিত হতে পারে মনে করে সে দিকেও কড়া নজর রাখতে হচ্ছে চিকিৎসকদের। তাঁকে নেবুলাইজ়ারও দেওয়া হয়েছে।
❤ Support Us






