- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২১, ২০২৫
পুত্রহত্যার দায়ে এফআইআর পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি-র বিরুদ্ধে, অভিযুক্ত তাঁর স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও !
ঘুষ কাণ্ডে অভিযুক্ত পাঞ্জাব পুলিশের এক ডিআইজি-র গ্রেফতারের পর ফের চাঞ্চল্য পাঞ্জাবে। এবার পুত্রহত্যার অভিযোগে মামলা দায়ের হলো রাজ্যের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) মহম্মদ মুস্তাফা এবং তাঁর স্ত্রী, প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে।
হরিয়ানা পুলিশের অভিযোগ, গত ১৬ অক্টোবর রাতে পঞ্চকুলায় তাঁদের ছেলে আকিল আখতার (৩৫)-কে হত্যা করেছেন তাঁরা। পঞ্চকুলার মনসা দেবী কমপ্লেক্স এলাকার সেক্টর-৪-এ আকিলের বাড়িতেই ওই রাতের ঘটনার সূত্রপাত। পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত সেক্টর-৬ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই আকিলের মৃত্যু হয়েছে।
প্রথমে হরিয়ানা পুলিশ আকিলের পরিবারের সকলের বয়ান রেকর্ড করে, তবে কোনও সন্দেহের কথা তখন জানায়নি। পরের দিন ময়নাতদন্তের পর দেহ পরিবারকে হস্তান্তর করা হয় এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তাঁদের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে এর পরেই নতুন মোড় নেয় ঘটনাটি। পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী পঞ্চকুলায় সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, আকিলের মৃত্যু রহস্যজনক। তিনি জানান, গত অগস্টে আকিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে, তাঁর নিকটজনরাই তাঁকে ক্ষতি করতে পারে।
শামসুদ্দিন ওই পোস্ট এবং আকিলের ডায়েরির স্ক্রিনশট তুলে ধরে পঞ্চকুলা পুলিশ, হরিয়ানা পুলিশের ডি-জিপি এবং মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁর এই অভিযোগের ভিত্তিতেই আকিলের মৃত্যুর ঘটনায় প্রাক্তন ডি-জিপি মহম্মদ মুস্তাফা, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা, মেয়ে এবং পুত্রবধূর বিরুদ্ধে এমডিসি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
ডিসিপি সৃষ্টি গুপ্তা জানান, ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এসিএপি পদমর্যাদার এক কর্তার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। তাঁর দাবি, তদন্ত হবে নিরপেক্ষ ও পক্ষপাতহীন, এবং দোষী প্রমাণিত হলে কাউকে রেহাই দেওয়া হবে না।
আইনজীবী ছিলেন আকিল। তাঁর রেখে যাওয়া দুই সন্তান — এক পাঁচ বছরের ছেলে এবং এক সাত বছরের মেয়ে।
উল্লেখ্য, আকিলের বাবা মহম্মদ মুস্তাফা ২০২১ সালে পাঞ্জাব পুলিশের ডি-জিপি পদ থেকে অবসর গ্রহণ করেন এবং পরে কংগ্রেসে যোগ দেন। তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা দীর্ঘদিন কংগ্রেসের সক্রিয় নেত্রী, তিনবার মালেরকোটলা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং ২০২১ সালে রাজ্যের মুদ্রণ ও স্টেশনারি মন্ত্রী পদেও ছিলেন।
এই হাই-প্রোফাইল পুত্রহত্যা মামলার তদন্ত এখন রাজ্য রাজনীতিতেও আলোড়ন তুলেছে। পরবর্তী পদক্ষেপেই নির্ভর করছে এই রহস্যজনক ঘটনার ভবিষ্যৎ দিকনির্দেশ।
❤ Support Us






