- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৬
ইডি দফতরে রথীন ঘোষ, পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুরু জিজ্ঞাসাবাদ
পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভোট পর্ব চলাকালীন তাঁকে মোট পাঁচবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে ব্যস্ততার অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির দিলেন রথীন ঘোষ।
শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন প্রাক্তন মন্ত্রী। ইডি দপ্তরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাকে কেন ডেকেছে জানি না। ভিতরে গেলে জানতে পারব।”
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর ভূমিকা ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতেই তাঁকে তলব করা হয়েছে।
একই মামলায় এর আগেই ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ওঠে। গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট চলাকালীন একাধিকবার তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। তবে নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন।
তৃণমূল সূত্রে দাবি করা হয়, আদালতের নির্দেশ মেনেই নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। পরে ভোট পর্ব শেষ হতেই গত ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি হন সুজিত বসু। এরপর ১২ মে ফের তাঁকে তলব করা হয়। সেদিন দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি।
এবার একই মামলায় রথীন ঘোষের হাজিরা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
❤ Support Us








