- দে । শ
- মে ২৬, ২০২৬
৩ কৃতীর সাফল্যে উজ্জ্বল মন্তেশ্বর
মেধা তালিকায় স্থান মেলেনি। কিন্তু মন্তেশ্বরের প্রান্তিক এলাকার ৩ কৃতীর উচ্চমাধ্যমিকের নজরকাড়া ফল দৃষ্টান্ত খাড়া করল ভবিষ্যৎ পরীক্ষার্থীদের কাছে। মন্তেশ্বরের মালডাঙা আর এম ইনস্টিটিউশনের খাদিজা মল্লিক, রুদ্র ঘোষ আর শুভদীপ দাস প্রমাণ করল নিষ্ঠা আর লক্ষ্য স্থির থাকলে অভাব ও যোগাযোগের প্রতিকূলতাকে হারিয়ে ভাল ফল করা যায়।
মন্তেশ্বরের আটাশপুর গ্রামের কলা বিভাগের ছাত্রী খাদিজা মল্লিক পেয়েছে ৪৬১ (৯২ শতাংশ)। বাঁধাধরা রুটিন ছিল না খাদিজার। যখনই ভালো লাগত তখনই পড়ত। ভবিষ্যতে সে স্কুলশিক্ষিকা হয়ে সংসারের দারিদ্র ঘোচানোই লক্ষ্য খাদিজার।
প্রান্তিক কৃষকের সন্তান বিজ্ঞান বিভাগের ছাত্র রুদ্র ঘোষ পেয়েছে ৪৫২ (৯০ শতাংশ)। কাটোয়া ২নং ব্লকের কুঁয়ারা গ্রামের ছেলে রুদ্র মাধ্যমিকেও ভাল ফল করে। পেয়েছিল ৬০৫ নম্বর। রুদ্রর ইচ্ছে ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করা। লক্ষ্য, দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়া।
রুদ্রর সহপাঠী বাঘাসন গ্রামের বাসিন্দা শুভদীপ দাসও উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। পেয়েছে ৪২৭ (৮৫ শতাংশ)। বাবা রাজমিস্ত্রি হলেও ছেলের পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে সবসময় খেয়াল রাখতেন। দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে শুভদীপের পড়াশোনার অনেকটা খরচই জুটত স্কলারশিপের টাকা থেকে। স্কুলের প্রধানশিক্ষক শুভাশিস পাত্র বলেন, ‘খাদিজা, রুদ্র ও শুভদীপ স্কুলের মুখ উজ্জ্বল করেছে।’
❤ Support Us





