- এই মুহূর্তে দে । শ
- জুন ২৬, ২০২৫
কথা রাখবেন আলিফা, আশায় ৪ জনপদ
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জেতায় খুশি কাটোয়ার ভাগীরথী লাগোয়া ৪ ক্ষুদ্র জনপদ। খুশি, এবার তাদের এলাকায় ‘আলিফা দিদির হাত ধরে উন্নয়নের জোয়ার বইবে, ন্যায্য দাবিগুলো মিটবে।’ ভাগীরথীর পশ্চিমপাড়ে কাটোয়া শহর লাগোয়া এই চার জনপদ পূর্ব পাড়ের কালীগঞ্জ বিধানসভা এলাকার অধীন। নয়াচর, বাদালেপাড়া, গোবিন্দপুর আর চৌধুরিপাড়া কালীগঞ্জের গোবরা পঞ্চায়েতের মধ্যে পড়ে। উপনির্বাচনের প্রচারের একেবারে শেষ লগ্নে এখানে এসে এলাকার দাবিদাওয়া ধৈর্য ধরে শোনেন তৃণমূল প্রার্থী আলিফা। বাড়ি বাড়ি ঘুরে নদিয়ার এই ৪ ছিটমহলের সমস্যা জেনে নেন। সমাধানের আশ্বাসই শুধু নয়, প্রতিশ্রুতি দেন, ‘তৃণমূলকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাত আরও শক্ত করুন। কথা দিচ্ছি, আপনাদের সবথেকে বড় সমস্যা নয়াচর ঢোকার রাস্তা তৈরি করে সেই রাস্তায় হেঁটে আপনাদের গ্রামে আসব।’ এলাকার বাসিন্দাদের বিশ্বাস, ‘এবার রাস্তাটা হবে।’ এমনকী প্রচারে এসে আলিফা কথা দিয়ে যান, ‘ফল বেরনোর পর এক রাত আপনাদের সঙ্গে কাটাব। সমস্যা বিস্তারিতভাবে শুনব। আপনাদের পাশে থাকব।’ ‘কয়েক ঘন্টাতেই বাসিন্দাদের আপন করে নেন আলিফাদি।’ প্রশংসা ঝরে এলাকার বাসিন্দা কৃষ্ণ চৌধুরি, সঞ্জীব চৌধুরিদের গলায়।
এই ৪ এলাকার হাজার দুঃখ-কষ্টের মধ্যে সবথেকে বড় কষ্ট হল যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা। পঞ্চায়েত অফিস (গোবরা) বা কালীগঞ্জ থানায় যেতে হলে কাটোয়ার পানুহাট বাজার পার হয়ে বল্লভপাড়া ফেরিঘাট। সেখান থেকে নৌকা পার হয়ে তবে পঞ্চায়েতে যাওয়া। আবার জেলা সদর কৃষ্ণনগর যেতে গেলেও প্রথমে কাটোয়া স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে নবদ্বীপ। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর। সময়, শ্রম, অর্থ সবেরই দফারফা। তাই এলাকাবাসীর ইচ্ছে, ২ জেলার প্রশাসনিক মহল কথা বলে এই ৪ ক্ষুদ্র জনপদকে লাগোয়া পূর্ব বর্ধমান জেলার অন্তর্ভুক্ত করে দিক। কারণ, চিকিৎসা, বাজার-হাট, স্কুল-কলেজ প্রায় সবটাই কাটোয়ার উপর নির্ভরশীল এই ৪ এলাকা। শুধু তাই ? নদিয়ায় অপরাধমূলক কাজকারবার করে অনেকে এসে এই এলাকায় গা-ঢাকা দেয়, যাতে পুলিশ টিকি পেতে না পারে।
কালীগঞ্জ বিধানসভার ১৩টি অঞ্চলের মধ্যে গোবরা পঞ্চায়েতের অধীন ২০ নম্বর সংসদের মধ্যে পড়ে এই এলাকাগুলি। পরিবারের সংখ্যা শ’পাঁচেকের উপর। বুথ এক জোড়া। ভোটার ১,৪৩৫ জন। তবে ৪ চরের বাসিন্দারা চাইছেন, প্রশাসনিক ক্ষেত্র বদলের আগে অন্তত যোগাযোগ ব্যবস্থার সুরাহা হোক।
❤ Support Us







