- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৪, ২০২৫
তামিলনাড়ুর তেনকাসি থেকে উত্তরাখণ্ডের তেহরী, একই দিনে দেশের দুই প্রান্তে বাস দুর্ঘটনায় মৃত ১১, আহত শতাধিক
তামিলনাড়ুর তেনকাসি জেলায় সোমবার দুপুরে ঘটে যাওয়া দুই প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী প্রাণ হারান এবং কমপক্ষে ৩৯ জন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত তেনকাসি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তেনকাসি থেকে কদয়ানাল্লুর যাওয়া একটি বাস এবং বিপরীত দিক থেকে মাদুরাই থেকে তেনকাসির দিকে আসা অন্য একটি বাস দুর্ঈসামিয়াপুরমে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্র ধাক্কার ফলে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ভেঙে যায়। ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যান। এলথুর থানার পুলিশ মৃতদের মধ্যে ৩ জনকে শনাক্ত করেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা কালেক্টর এ কে কামল কিশোর, পুলিশ সুপার এস অরবিন্দ এবং ফায়ার ও রেসকিউ সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয়দের কথায়, সংঘর্ষের ধাক্কা এতটাই প্রবল ছিল যে অনেক যাত্রী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং হাইওয়ে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ আহতদের তথ্য যাচাই এবং অজানা মৃতদের পরিচয় নির্ধারণে তৎপর। তামিলনাড়ুতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের নজরে আসে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, একই দিনে উত্তরাখণ্ডের দেবভূমি তেহরী জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। আচমকাই একটি বাস রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী ৭০ মিটার গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে অন্তত ৫ যাত্রী নিহত হন। বাসটিতে বিভিন্ন জেলার ২৮ জন যাত্রী ছিলেন। আহত কমপক্ষে ২০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। মৃত ৫ যাত্রী ছাড়া বাকিদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয় এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন সতর্ক করেছেন। উত্তরাখণ্ডে চলতি বছর ইতিমধ্যেই একাধিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুন মাসে রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে একটি বাস পড়ে ২ জনের মৃত্যু হয় এবং কয়েকজন যাত্রী নিখোঁজ হন।
❤ Support Us






