- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৯, ২০২৬
ফের জ্বালানির দাম বাড়ল, পেট্রল-ডিজেলে কলকাতায় দাম বাড়লো সবচেয়ে বেশি
মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত শুক্রবার দেশজুড়ে লিটারপিছু তিন টাকা করে জ্বালানির মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার সকালে আবারও নতুন করে দাম বাড়ানো হল। তবে এবার সব শহরে বৃদ্ধির হার এক নয়। দেশের চার মহানগরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কলকাতায়।
নতুন দরে কলকাতায় পেট্রলের দাম লিটারপিছু বেড়েছে ৯৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে শহরে বর্তমানে পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৯.৭০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৬.০৭ টাকা প্রতি লিটার। অন্যদিকে দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে ৮৭ পয়সা ও ডিজেলের দাম ৯১ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯১ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮২ পয়সা ও ৮৬ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এর আগেই গত শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু তিন টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে বেড়েছিল সিএনজির দামও। কলকাতায় কেজিপ্রতি সিএনজির মূল্য তিন টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহণ ক্ষেত্রেও চাপ বেড়েছে। ইতিমধ্যেই বাসভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বাসচালকদের সংগঠন। ফের জ্বালানির দাম বৃদ্ধিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি আগেই দাবি করেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হলেই জ্বালানির দাম বাড়ানো হবে। শুক্রবারের মূল্যবৃদ্ধির পর কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করা হয়। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে মূল্যবৃদ্ধি আটকে রেখে নির্বাচনের পর সাধারণ মানুষের উপর বাড়তি চাপ চাপানো হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের পর থেকে দীর্ঘ সময় পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা শুরু হয়। সেই সময় থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল, দেশে জ্বালানির দাম বাড়তে পারে। রাজনৈতিক কারণে প্রায় ১১ সপ্তাহ ধরে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও এবার ধারাবাহিকভাবে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম।
❤ Support Us






