Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৫, ২০২২

জি–২০ নেতাদের কাছে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ শেষ করার আহ্বান জেলেনস্কির

আরম্ভ ওয়েব ডেস্ক
জি–২০ নেতাদের কাছে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ শেষ করার আহ্বান জেলেনস্কির

জি–২০ জাতিভূক্ত দেশগুলির কাছে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ শেষ করার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জি–২০ নেতাদের কাছে এই অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার পরমানু হামলার হুমকির তীব্র নিন্দা করেছেন।
দেশের যুদ্ধজনিত সমস্যার জন্য জি–২০ জাতিভূক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি মঙ্গলবার জি–২০ নেতাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‌এখনই রাশিয়ান যুদ্ধ থামানোর সেরা সময়। এতে হাজার হাজার জীবন বাঁচবে। আমি রাশিয়ার পরমানু হামলার হুমকির তীব্র নিন্দা করছি। পরমানুর হুমকি দিয়ে ব্ল্যাকমেলের কোনও অর্থ হয় না।’‌ এই ভিডিও বার্তা দেওয়ার সময় জেলেনস্কি ইউক্রেন সেনাবাহিনীর সবুজ টি–শার্ট পরেছিলেন। ইউক্রেনীয় ভাষায় বক্তৃতা দেওয়ার সময় তিনি চীনের শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য নেতাদের সম্বোধন করেছিলেন।
জেলেনস্কির বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কানে পৌঁছেছে কিনা জানা যায়নি। কারণ জি–২০–র শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেননি। তাঁর পরিবর্তে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
জেলেনস্কি জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় একটি শস্য চুক্তির সম্প্রসারণ এবং অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করার আহ্বান জানিয়েছেন। এই চুক্তি চলতি মাসের ১৯ তারিখ শেষ হওয়ার কথা। এই প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘‌আমি বিশ্বাস করি আমাদের রপ্তানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণের যোগ্য। যুদ্ধ শেষ হলেই হোক।’‌ তিনি রাশিয়ার তেল রপ্তানির মূল্যসীমা নির্ধারণের জন্য মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘‌যদি রাশিয়া ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের সমস্ত শক্তি গ্রাহকদের পূর্বাভাস এবং মূল্য স্থিতিশীলতা থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে রাশিয়ার রপ্তানি মূল্যের বাধ্যতামূলক সীমাবদ্ধতা হওয়া উচিত।’‌ ইউক্রেন বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম। রাশিয়া জুলাই মাসে তাদের বন্দরে ২০ মিলিয়ন টন শস্য অবরুদ্ধ করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!