- দে । শ
- সেপ্টেম্বর ২২, ২০২৬
অসমের নগাঁও লোকসভার উপনির্বাচনের প্রচারে আক্রান্ত কংগ্রেস নেতা গৌরব গগৈ, ভূপেশ বাঘেল
নগাঁও লোকসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। তাঁর সঙ্গে আক্রান্ত হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইসিসি–র সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেলও। তাঁদের গাড়ির কনভয়ে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। কংগ্রেসের এই দুই নেতা নির্বাচনী সমাবেশে যোগ দিতে নগাঁও যাওয়ার পথে এই হামলা চালানো হয়। সামাগুরি কেন্দ্রের বার্মা এলাকায় পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটে। কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা এবং ধুবড়ির সাংসদ রাকিবুল হোসেনও কনভয়ে ছিলেন।
আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভার উপনির্বাচন। ভোটের প্রচারের জন্য এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতারা। সে সময় গৌরব গগৈ ও ভূপেশ বাঘেলার গাড়ি লক্ষ্য করে পাথছর ছোঁড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপি কর্মীদের দিকে। এক্স-এ করা এক পোস্টে গৌরব গগৈ অভিযোগ করেছেন যে, বিজেপি কর্মীরা তাঁদের গাড়িতে হামলা চালিয়েছে। তিনি বলেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আগে থেকেই বলা হয়েছিল। কিন্তু পুলিশের ব্যর্থতার কারণেই পরিস্থিতি খারাপ হয়েছে।
গৌরব গগৈ আরও অভিযোগ করেছেন যে, বিজেপি–শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ঘটনায় ভারতের নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অন্য এক পোস্টে তিনি শিবামণি বোরার ক্ষতিগ্রস্ত গাড়ির একটা ভিডিও শেয়ার করে বলেছেন যে, গাড়ির ভেতরে থাকা এআইসিসি সচিব মনোজ চৌহানের পাঁজরে পাথর এসে লেগেছিল। কংগ্রেসের দাবি, প্রচার মিছিল যাওয়ার সময় এলাকার বিজেপি সমর্থকরা কালো পতাকা নেড়ে ‘ফিরে যাও’ স্লোগান দেয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং কংগ্রেস প্রচারের কনভয়ে থাকা গাড়িগুলিতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। গগৈ আরও অভিযোগ করেন যে, মুখোশধারী ব্যক্তিরা লোরিগামুখের কাছে বিভিন্ন জায়গায় দূর থেকে যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়ে।
নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস শিবামণি বোরাকে প্রার্থী করেছেয অন্যদিকে বিজেপি নগাঁওয়ের প্রাক্তন ডেপুটি কমিশনার দেবাশিস শর্মাকে প্রার্থী করেছে। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগের দিনই ধিং–এর ধূপগুড়িতে কংগ্রেসের অন্য একটা প্রচার সমাবেশে ‘ফিরে যাও’ স্লোগান দেওয়া হয়েছিল। সেই সভায় বিক্ষোভকারীরা শিবামণি বোরা এবং অন্যান্য কংগ্রেস নেতাদের উপস্থিতির প্রতিবাদ জানায়। হামলার ভিডিও পোস্ট করার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ভারতের নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন গগৈ। তিনি বলেন, ‘অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুজরাট, দিল্লি এবং মহারাষ্ট্রে অসম পুলিশ পাঠাতে পারেন। কিন্তু অসমের ভেতরে পাথর নিক্ষেপকারীদের খুঁজে বার করতে পারেন না। হঠাৎ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অযোগ্যতার অজুহাত দেবেন। ভারতের নির্বাচন কমিশন কোনও বদলি বা বরখাস্তের আদেশ দেবে না।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও বিজেপির সমালোচনা করে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করতে ‘গুণ্ডা’ পাঠানোর অভিযোগ করেছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘আমাদের অসম ইন–চার্জ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাঘেল জি, অসম প্রদেশ পরিষদের সভাপতি শ্রী গৌরব গগৈ জি এবং আমাদের নগাঁওয়ের প্রার্থী শ্রীমতি শিবামণি বোরা জি–র ওপর নৃশংস পাথর ছোড়ার ঘটনা এটাই প্রমাণ করে যে এই গুণ্ডা বিজেপি সরকার কতটা শোচনীয়ভাবে টলে গেছে।’
❤ Support Us








