Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৩

সব দেশেই পেলের নামে স্টেডিয়াম করার আবেদন ফিফা সভাপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
সব দেশেই পেলের নামে স্টেডিয়াম করার আবেদন ফিফা সভাপতির

দীর্ঘ রোগভোগের পর ২৯ শে ডিসেম্বর মারা গেছেন ফুটবল সম্রাট পেলে। পেলের মৃত্যুতে গোটা ফুটবল বিশ্বে শোকের ছায়া চারিদিকে তাকে নানাভাবে শ্রদ্ধা জ্ঞাপনের প্রক্রিয়া চলছে। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সোমবার পেলের প্রিয় ক্লাব স্যান্টোসে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল। হাজির ছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি সব দেশের কাছে আবেদন করেছেন পেলের নামে ফুটবল স্টেডিয়াম করা হোক।

ভিলা বেলমিরোর এস্তাদিও উরবানো কালদেরিয়ায় শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে এসে ইনফান্তিনো এক আবেগঘন বার্তায় বলেন, “আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি। এছাড়া প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের দেশের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে পেলে কে ছিলেন।”

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন দক্ষিণ আমেরিকা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা। সারাদিনব্যাপী এই শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে স্যান্টোস স্টেডিয়ামের বাইরে মানুষ ভিড় জমান। ইনফান্তিনো সংবাদমাধ্যমকে আরও বলেন, “আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন। ফিফা অবশ্যই পেলেকে ‘রাজা’র প্রাপ্য সম্মান দেবে।”

শেষযাত্রায় স্যান্টোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে পেলের কফিন। পেলেকে নিয়ে যাওয়া হতে পারে তাঁর পৈতৃক ভিটেতেও। সেখানে থাকেন তাঁর মা ডোনা সেলেস্তে আরান্তেস। তিনি খুব অসুস্থ। স্মৃতিভ্রষ্ট হয়েছেন আরও আগেই। পেলেকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকাতে। এখানেই সমাহিত হতে চেয়েছিলেন কিংবদন্তি। পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তাঁকে যেন সমাহিত করা হয়। কারন এখান থেকেই ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়। পেলের শেষকৃত্যে থাকবেন শুধুই তাঁর পরিবারের সদস্যরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!