Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৪

ডায়াবেটিস, হৃদরোগসহ ৪১ টি ওষুধের দাম কমলো

আরম্ভ ওয়েব ডেস্ক
ডায়াবেটিস, হৃদরোগসহ ৪১ টি ওষুধের দাম কমলো

মানুষের দৈনন্দিন জীবনে ওষুধ এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়েছে। অথচ ওষুধের দাম এতটাই আকাশছোঁয়া, অনেক সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু কী আর করা যাবে, বেঁচে থাকতে গেলে ওষুধ চাই। তাই নিত্যপ্রয়োজনীয় অন্য খরচ কাটছাট করে সাধারণ মানুষ ওষুধ কিনতে বাধ্য হন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিল সরকারের সিদ্ধান্ত। ডায়াবেটিস, হার্ট এবং লিভারের রোগে চিকিৎসায় ব্যবহৃত ৪১টি সাধারণ ওষুধ এবং ৬টি ফর্মুলেশনের দাম কমিয়েছে সরকার।

ফার্মাসিউটিক্যালস বিভাগ এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ডায়াবেটিস, শরীরের বিভিন্ন অংশের ব্যথা, কার্ডিওভাসকুলার, লিভারের সমস্যা, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জি, মাল্টিভিটামিন এবং অ্যান্টিবায়োটিকের মতো একাধিক ওষুধের দাম কমানো হয়েছে। ফার্মা কোম্পানিগুলিকে বিভিন্ন ওষুধের মূল্য হ্রাসের তথ্য অবিলম্বে ডিলার ও মজুতদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণের জন্য প্রয়োজনীয় ওষুধের দাম যাতে সাশ্রয়ী হয় তা নিশ্চিত করার জন্য NPPA–এর ১৪৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ভারতে। গোটা দেশে ১০ কোটিরও বেশি ডায়াবেটিস রোগী রয়েছে। ওষুধের দাম কমানোর ফলে তারা উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে ফার্মাসিউটিক্যালস বিভাগ ৯২৩টি নির্ধারিত ওষুধের ফর্মুলেশনের জন্য তার বার্ষিক সংশোধিত সিলিং মূল্য এবং ৬৫টি ফর্মুলেশনের জন্য সংশোধিত খুচরা মূল্য প্রকাশ করেছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!