- দে । শ
- জানুয়ারি ৯, ২০২৬
রাজ্যপালকে হত্যার হুমকি দিয়ে মেল ! বাংলার মানুষই রক্ষা করবেন, বার্তা বোসের
রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে পাঠানো একটি ই-মেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনে ওই হুমকি মেল পৌঁছয় বলে সূত্রের খবর । বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন এবং ঘটনার কথা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে । পাশাপাশি, কে বা কারা এই হুমকি মেলের নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, মেলে স্পষ্ট ভাষায় রাজ্যপাল আনন্দ বোসকে খুন করার হুমকি দেওয়া হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যপালের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
তবে এত কিছুর পরেও এই হুমকি মেলকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুক্রবার তিনি নিরাপত্তা ছাড়াই বাইরে বেরবেন। রাজ্যপালের কথায়, “আমি নিরাপত্তা ছাড়াই বেরবো । বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন ।”
লোকভবনের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের হুমকি মেল এই প্রথম নয়। আগেও একাধিকবার রাজ্যপালকে লক্ষ্য করে এমন মেল পাঠানো হয়েছে। তবু প্রতিবারের মতো এবারও নিজের অবস্থানে অনড় রাজ্যপাল ।
প্রসঙ্গত, শুক্রবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদে যে সময় মুখ্যমন্ত্রী পথে নামার কথা, সম্ভবত সেই সময়ই রাজ্যপালও নিরাপত্তা ছাড়াই বাইরে বেরবেন বলে জানা গিয়েছে । এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে ।
❤ Support Us





