Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৫, ২০২৫

আচার্য বদলের প্রস্তাব খারিজ রাষ্ট্রপতির, রাজ্যপালই থাকছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রধান

আরম্ভ ওয়েব ডেস্ক
আচার্য বদলের প্রস্তাব খারিজ রাষ্ট্রপতির,  রাজ্যপালই থাকছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রধান

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত থমকে গেল। রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব-সহ দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর হিসেবে রাজ্যপালের ভূমিকাই বহাল থাকছে।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ওই সংশোধনী বিলে প্রস্তাব ছিল, রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হোক।

একই দিনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও। সেখানেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা চ্যান্সেলর হিসেবে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব রাখা হয়েছিল উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে— “রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।” এই আইনি অবস্থানের প্রেক্ষিতেই সংশোধনী দুটি বিলে সম্মতি দিতে রাষ্ট্রপতি বিরত থেকেছেন বলে জানা গিয়েছে।

এর ফলেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে কোনও পরিবর্তন হচ্ছে না এবং রাজ্যপালের ভূমিকাই বহাল থাকছে। উচ্চশিক্ষা প্রশাসনে ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে— তা নিয়ে চলতে থাকা বিতর্কে আপাতত ইতি টানল দিল্লির এই সিদ্ধান্ত।
তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মিললে সংবাদটি পরবর্তীতে আপডেট করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!