Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১১, ২০২৫

আরএসএসের শতবর্ষে বিশেষ স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
আরএসএসের শতবর্ষে বিশেষ স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ওপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কতটা প্রভাব, আরও একবার প্রমান হয়ে গেল। আরএসএসের শতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ স্মারক ও ডাকটিকিট প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে, ভারত সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সেবা, ঐক্য এবং নিষ্ঠার এক শতাব্দীকে সম্মান জানায়।

শুক্রবার এক্স–এ এক পোস্টে অর্থমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছেস, ‘‌রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার সেবা, ঐক্য এবং নিষ্ঠার এক শতাব্দীর সম্মানে বিশেষ স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করেছে।’‌ পোস্টে আরও বলা হয়েছে, ‘‌বিশেষ স্মারক মুদ্রাগুলি কলকাতা মিন্টের মাধ্যমে অনলাইনে https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint ঠিকানায় অর্ডার করা যেতে পারে। এবং স্মারক ডাকটিকিটগুলি ভারতজুড়ে ফিলাটেলি ব্যুরোতে পাওয়া যাবে।’‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ অক্টোবর আরএসএসের শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতির প্রতি তাদের অবদান তুলে ধরে একটা বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন। শতবর্ষ উদযাপনের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জাতি গঠনের প্রতি দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, আরএসএস বছরের পর বছর ধরে অসংখ্য জীবনকে লালন-পালন এবং শক্তিশালী করতে সাহায্য করেছে।

মোদি বলেন, ‘‌মানব সভ্যতা যেমন বিশাল নদীর তীরে বিকশিত হয়, তেমনই আরএসএসের প্রবাহে শত শত জীবন এই নদীর তীরে বিকশিত এবং সমৃদ্ধ হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ একটা মহৎ লক্ষ্য অনুসরণ করেছে। সেই লক্ষ্য ছিল জাতি গঠন।।’‌ তিনি আরও বলেন, ‘‌১০০ বছর আগে বিজয়াদশমীতে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোনও কাকতালীয় ঘটনা ছিল না।’‌ ১৯২৫ সালে মহারাষ্ট্রের নাগপুরে ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার স্বেচ্ছাসেবকভিত্তিক সংগঠন হিসেবে আরএসএস প্রতিষ্ঠিত করেন। যার লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবা এবং সামাজিক দায়িত্ব বৃদ্ধি করা। কিন্তু পরবর্তীকালে এই সংগঠনটি উগ্র হিন্দুত্ববাদের জন্ম দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!