Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৯, ২০২৩

বঙ্গ বিজেপিতে অস্বস্তি! দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তৈরি হল গ্রিভান্স সেল

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গ বিজেপিতে অস্বস্তি! দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তৈরি হল গ্রিভান্স সেল

বঙ্গ বিজেপিতে ঝড়ের পূর্বাভাস! দলের অভ্যন্তরীণ কোন্দল ক্রমেই বাড়ছে। তাই এবার গ্রিভান্স সেল তৈরি হল। অভ্যন্তরীণ বিবাদ মেটাতে উদ্যোগ নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সম্প্রতি বিজেপির জেলা সভাপতি ও মণ্ডল সভাপতি স্তরে রদবদল করেছে রাজ্য বিজেপি। তারপর থেকেই দলের অন্দরে এই কোন্দল শুরু। এখন রোজই দলের কর্মীদের ক্ষোভের পারদ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় বিক্ষুব্ধদের সামাল দিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী বছর লোকসভা নির্বাচন। এই কোন্দলের ফলে দলের ওপর যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্যই জেলায় জেলায় গ্রিভান্স সেল তৈরি করার নির্দেশ দিয়েছে  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই গ্রিভান্স সেল কর্মীদের অভিযোগ শুনে সমস্যার সমাধান করবে।

সম্প্রতি জেলা এবং মণ্ডল সভাপতির পদ থেকে অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই সমস্ত নেতা বা কর্মীদের মনে মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গ্রিভান্স সেল তৈরির পাশাপাশি জেলা এবং মণ্ডল কমিটি থেকে বাদ পড়া নেতাদেরও বিভিন্ন কমিটিতে পুনর্বাসন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। ইতিমধ্যে বাদ পড়া কয়েকজন জেলা সভাপতিকে রাজ্যের কার্যনির্বাহিনী কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সমস্যা থাকলে সে ক্ষেত্রে বিক্ষুব্ধ নেতা কর্মীদের সঙ্গে কথা বলে সমাধান করতে হবে।

আগামী বছরে রয়েছে লোকসভা ভোট, তাই দলের মধ্যে কোন্দল থাকলেও যাতে তা প্রকাশ্যে না এসে সমাধান করা যায়। সেই চেষ্টায় করতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সেক্ষেত্রে জেলা স্তরের নেতারা সংগঠন নিয়ে এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। এ বিষয়ে সাহায্য কমিটির অনুমোদনের পরে সিদ্ধান্ত হবে ৪৩ টি সাংগঠনিক জেলা রয়েছে যার মধ্যে ১৪ টি জেলার সভাপতি পদে রদবদল হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং ডায়মন্ড হারবার জেলা বিজেপির নেতাকর্মীদের ক্ষোভ চরমে উঠেছে। কিছুদিন আগেই এই দুই জেলার কর্মীরা সল্টলেক পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এই অবস্থায় কর্মীদের কী অভিযোগ রয়েছে তা সবই জানতে চাইছে বিজেপি নেতৃত্ব। কারণ লোকসভায় ভালো ফল করতে গেলে সে ক্ষেত্রে কোন্দল থামাতেই হবে। পঞ্চায়েত ভোটে ভালো ফল করতে পারেনি বিজেপি। দলীয় সমীক্ষায় জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে বাংলায় ভালো অবস্থানে নেই বিজেপি।

প্রসঙ্গত, লোকসভা ভোটে বিজেপিকে হারাতে মহাজোট গঠন করেছে বিরোধীরা যার নাম হল ইন্ডিয়া। এই অবস্থায় লোকসভায় ভালো ফল করতে গেলে দলের অন্দরের কোন্দল কোনওভাবেই যে চলবে না তা মেনে নিয়েছে বিজেপির একাংশ। তাই নিয়ে দলের কোন্দল মেটাতে তৎপর হয়েছে শীর্ষ নেতৃত্ব। তবে প্রশ্ন একটাই, এর পরেও কি মিটবে এই অভ্যন্তরীণ কোন্দল? এই কোন্দলের সুযোগ তৃণমূল কাজে লাগিয়ে বঙ্গ বিজেপিকে ভেঙে টুকরো করবে না তো?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!