- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৮, ২০২৫
হরিদ্বারের মন্দিরে পদপিষ্টের ঘটনায় বাড়লো হতাহতের সংখ্যা, ক্ষতিপূরণের ঘোষণা উত্তরাখণ্ড সরকারের
উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৮ জন। আহতের সংখ্যা ৩০। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
রবিবার সকাল ৯টা নাগাদ মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক ভিড় ছিল। প্রবল ভিড় সামলাতে মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। দরজার সামনের সিঁড়িতে ক্রমশ ভিড় বাড়ছিল। সেই সময় গুজব ছড়ায়, তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ভক্ত মারা গেছেন। এই গুজবে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সিঁড়ি থেকে পালানোর চেষ্টা করেন। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেকেই সিঁড়ি টপকে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন। অনেকেই সিঁড়িতে পড়ে গিয়ে পদদলিত হন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনিক দল। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। ৯টি অ্যাম্বুলেন্সও হাজির হয়। আহতদের দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের অবস্থা গুরুতর, তাদের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এইমসের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার জানান, মোট ১৫ জন আহতকে এইমসে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১০ জন এখনও ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২ বছরের এক মেয়ে, ২৬ ও ৫৬ বছর বয়সী দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক।
হরিদ্বারের এসএসপি প্রমোদ সিং ডোবাল জানিয়েছেন, ‘দুর্ঘটনায় আহত মোট ৩৫ জন পূর্ণার্থীকে জেলা হাসপাতালে নিয়এ যাওয়া হয়। যার মধ্যে ৮ জন পদদলিত হয়ে মারা গেছেন এবং বাকিরা আহত হয়েছেন। গুরুতর আহতদের উচ্চতর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’ ঘটনার পর থেকেই মন্দির চত্বর থমথমে। মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পূর্ণার্থীতে মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।
মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স–এ তিনি লিখেছেন, ‘উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দির সড়কে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হওয়ার খবর খুবই দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকার্য শুরু করে। এই দুর্ঘটনার ব্যাপারে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির পর নজর রাখা হচ্ছে।’ দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এছাড়াও, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ টাকা করে সহায়তা প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।
❤ Support Us






