- দে । শ
- আগস্ট ১৬, ২০২৪
হাসনাবাদ শেয়ালদা লোকালে নিত্যসফরের উদযাপনে রেলযাত্রীরা
প্রতিদিন নাকে মুখে গুঁজে ট্রেন ধরতে যাওয়া। আবার পড়িমড়ি করে ফেরার তাগাদা। তার মধ্যে হাসি মসকরা, একে অন্যের পেছনে লাগা, ঝগড়া, মন কষাকষি, রাজনীতী, খেলা, সরকারের মুন্ডুপাত এসবই তাঁদের রোজ নামচা। এভাবেই ৮০–৯০ কিলোমিটার ‘ডেলি প্যাসেঞ্জারি’ করতে করতে কেটে যায় সপ্তাহ, মাস, বছর। এর মাঝেও তাঁরা সামাজিক দায়িত্ব পালনে দায়বদ্ধ। প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন রক্তদান ও নানা অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। এবারেও সেটাই দেখা গেল হাসনাবাদ–শিয়ালদা নিত্যযাত্রী সংস্থার বার্ষিক অনুষ্ঠানে। এদিন সংস্থার উদ্যোগে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বসিরহাটে ‘আশার আলো’ ভবনে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃতীয় লিঙ্গের ২ নিত্যযাত্রী মিনা দত্ত ও রিনা দত্ত। সংগঠনের সভাপতি প্রভাত দে, সম্পাদক বাপি ভট্টাচার্য বলেন, ‘এবারে ৪০ জন নিত্যযাত্রী রক্তদান করেছেন। এটা আমাদের নিত্যযাত্রী পরিবার। সারবছর কর্মব্যস্ততার সরিয়ে রেখে প্রতিবছর এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি।’ এদিন অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, গীতি আলেখ্য পরিবেশন করেন হাসনাবাদ–শিয়ালদা নিত্যযাত্রী ও তাঁদের পরিবারে সদস্যরা। দুপুরে একসঙ্গে পাত পেড়ে মধ্যাহ্ন ভোজনও সারেন । সম্বর্ধনা দেওয়া হয় বিশিষ্ট নাগরিকদের। গত ৭ বছর ধরে এভাবেই স্বধীনতা দিবস উদযাপন হাসনাবাদ শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের কাছে মিলনমেলা হয়ে ওঠে।
❤ Support Us





