- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৬, ২০২৪
হাথরস কাণ্ডে মূল অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত
উত্তর প্রদেশে হাথরসে ধর্মীয় সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর শনিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁকে উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়ার পর শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হয়। কোর্ট তাঁর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ।
হাথরসে মঙ্গলবার স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’র সভায় ১২১ জনের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার পর থেকে মূল ‘সেবাদার’ দেবপ্রকাশ ফেরার ছিলেন। ৪ জুলাই উত্তর প্রদেশের পুলিশের তরফে ১ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার ঘোষণা করা হয় । পাশাপাশি পুলিশি তৎপরতাও অত্যন্ত বৃদ্ধি পায়। পার্শ্ববর্তী রাজ্য রাজস্থান, দিল্লি ও হরিয়ানার পুলিশের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখা হচ্ছিল। শেষমেশ ঘটনার চারদিন পর শনিবার দিল্লির নজফগড় থানায় আত্মসমর্পণ করেন দেবপ্রকাশ মধুকর।
#WATCH | Hathras, UP: Dev Prakash Madhukar, main accused in Hathras stampede sent to 14-day judicial custody by CJM court. pic.twitter.com/HM1fzIwAca
— ANI (@ANI) July 6, 2024
‘ভোলে বাবা’র ঘনিষ্ঠ দেবপ্রকাশ হাথরসে ‘সৎসঙ্গে’র আয়োজনের মূল দায়িত্বে ছিলেন । ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে ওই এফআইআরে স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’র নাম ছিলনা, যা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয় । রাজস্থানের দউসা নামক স্থানে নিয়মিত ‘সৎসঙ্গ’ হত। মধুকরের খোঁজে রাজস্থানেও তল্লাশি চালানো হয়। পাশের রাজ্যে জোরদার খোঁজখবর চলাকালীনই দিল্লির পুলিশের কাছে ধরা দেন তিনি।
হাথরসকাণ্ডে দেবপ্রকাশকে নিয়ে ৭ জন গ্রেফতার হল। এর আগে দুই মহিলাসহ ৬ জনকে আটক করে উত্তর প্রদেশের পুলিশ। ওই ৬ জন সভায় ‘সেবাদার’ রূপে নিযুক্ত ছিলেন। সভা শেষে ভোলে বাবার পায়ের ধুলো নিতে গেলে অনুগামীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তখনই বেশ কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান। তাঁদের ওপর দিয়েই চলে যান একদল মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা না করে ওই ৬ জন সেবাদার গা ঢাকা দেন । পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
ইতিমধ্যে শনিবার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সাকার ওরফে সুরজ পাল সিং ওরফে ‘ভোলে বাবা’ হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ট্রাস্ট মৃতের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য , বিবাহের খরচ বহন করবে। তাঁর বক্তব্য ইতিমধ্যে তিনি তাঁর ওই অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ।
❤ Support Us






