- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৮, ২০২৫
বৃহস্পতিবার থেকে এসআইআর-এর হিয়ারিং লেটার বিলি, প্রতিদিন ১০০টি শুনানি করবেন ইআরও এবং এইআরওরা
খসড়া ভোটার তালিকা প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর শুনানি পর্বের প্রস্তুতি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে শুনানির নোটিস বা হিয়ারিং লেটার বিলি। যদিও ঠিক কবে থেকে শুনানি শুরু হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এই শুনানি পর্ব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানান, “আগামী সাত দিনের মধ্যেই শুনানি শুরু হবে বলে আমরা আশা করছি। বৃহস্পতিবার থেকেই নির্বাচন কমিশনের তরফে নোটিস প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট ERO নোটিসে শুনানির তারিখ, সময় এবং স্থান উল্লেখ করবেন।”
এ বার SIR-এর শুনানি পর্ব পরিচালনার জন্য রাজ্যজুড়ে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলায় মোট ২৯৪ জন ERO এবং ৩০৫৯ জন AERO-কে নিযুক্ত করা হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে একজন ERO এবং প্রায় ১০ জন AERO দায়িত্বে থাকবেন। ভুল ও অযথা ভিড় এড়াতে প্রতিটি আধিকারিক প্রতিদিন অন্তত ১০০টি করে শুনানি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুনানির সংখ্যা এবং সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে আরও অতিরিক্ত আধিকারিক নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে। CEO মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রয়োজনে আরও ২৮০০ জন ERO মোতায়েন করার প্রস্তাব কমিশনের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, “৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের হাতে যথেষ্ট সময় আছে। পরিস্থিতি অনুযায়ী আরও ERO নিয়োগ করা হবে। পাশাপাশি AERO-কেও ERO-র মতো একই ক্ষমতা দেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। অনুমতি মিললে AERO-রাও ফর্ম বিতরণ করতে পারবেন।”
কমিশন সূত্রে খবর, প্রাথমিক ভাবে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হতে পারে। এই ভোটারদের নাম ২০২৬ সালের খসড়া তালিকায় থাকলেও ২০০২ সালের SIR-এর সঙ্গে তাঁদের নামের কোনও ম্যাপিং হয়নি। তাঁদেরই মূলত শুনানির জন্য ডাকা হবে। এ ছাড়াও খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও কিছু ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, যদিও সে ক্ষেত্রে প্রক্রিয়া তুলনামূলক ভাবে কম জটিল হবে।
পাশাপাশি নতুন করে যাঁরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে আবেদন করেছেন, তাঁদের সকলকেই শুনানির জন্য উপস্থিত থাকতে হবে। বৃহস্পতিবার থেকে হিয়ারিং লেটার বিলি শুরু হলে, SIR-এর পরবর্তী ধাপ এবং শুনানি প্রক্রিয়ার বিস্তারিত রূপরেখা আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
❤ Support Us




