Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৬

রাজ্যে পৃথক বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ, ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করল উচ্চশিক্ষা দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে পৃথক বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ, ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করল উচ্চশিক্ষা দফতর

স্কুল সার্ভিস কমিশন ও কলেজ সার্ভিস কমিশনের ধাঁচে এ বার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশন গঠনের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তাবিত ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সার্ভিস কমিশন’ (West Bengal University Service Commission) গঠনের বিষয়টি খতিয়ে দেখতে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গত ৬ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রস্তাবিত কমিশনের কাঠামো, কার্যপদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তার বিভিন্ন দিক পর্যালোচনা করবে এই কমিটি। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সংগ্রহ করে প্রয়োজনীয় সুপারিশও জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে কমিটিকে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

এই বিশেষজ্ঞ কমিটিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, প্রশাসনিক আধিকারিক এবং উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল।

এ ছাড়াও কমিটিতে রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক অরিজিৎ চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দীপক কুমার রায়।

উচ্চশিক্ষা দফতরের অতিরিক্ত সচিব পার্থ চক্রবর্তী এবং দফতরের বিশেষ আইন আধিকারিক উত্তম কুমার চৌবেকেও কমিটিতে রাখা হয়েছে। পার্থ চক্রবর্তীকে কমিটির সদস্য-আহ্বায়ক বা মেম্বার কনভেনর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত কমিশন গঠিত হলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রচলিত ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ। এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের অনুমোদিত শূন্যপদ অনুযায়ী নিজস্ব নিয়ম ও প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ করতে পারত। কিন্তু পৃথক বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন কার্যকর হলে নিয়োগের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কেন্দ্রীয় কোনও কমিশনের হাতে চলে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব নিয়োগের ক্ষমতা কতটা বজায় থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বদলি সংক্রান্ত বিল পাশ হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছেন শিক্ষকদের একাংশ। তাঁদের আশঙ্কা, এ বার শিক্ষক নিয়োগের দায়িত্বও পৃথক কমিশনের হাতে চলে গেলে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক ও নিয়োগ সংক্রান্ত স্বাধীনতা আরও সংকুচিত হতে পারে।

তবে প্রস্তাবিত কমিশনের চূড়ান্ত কাঠামো কী হবে, নিয়োগের ক্ষেত্রে তার ক্ষমতা ও কাজের পরিধি কতটা বিস্তৃত হবে এবং বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব নিয়োগের অধিকার কীভাবে প্রভাবিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ জমা পড়ার পরই এই বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং কমিশনের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!