Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৯, ২০২৫

উত্তরবঙ্গে বিপর্যয়ের ৪ দিন পরও নিখোঁজ ডায়মন্ড হারবারের হিমাদ্রি, ভাইকে খুঁজতে পাহাড়ে দাদা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরবঙ্গে বিপর্যয়ের ৪ দিন পরও নিখোঁজ ডায়মন্ড হারবারের হিমাদ্রি, ভাইকে খুঁজতে পাহাড়ে দাদা

পাহাড়ে ধস নামার ৪ দিন কেটে গিয়েছে। তবু খোঁজ মেলেনি ডায়মন্ড হারবারের যুবক হিমাদ্রি পুরকাইতের। এবার ভাইরের খোঁজে পাহাড়ে গেলেন তাঁর তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের ছাত্র হিমাদ্রি পাহাড়ের প্রেমে বারবার ছুটে যেতেন দার্জিলিংয়ের দিকে। কখনো পর্যটকদের গাইড হিসেবে, কখনো হোমস্টের সহায়ক হয়ে। পাহাড়ই ছিল তাঁর দ্বিতীয় ঠিকানা।

জানা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর সুখিয়াপোখরির সোনাদা গ্রামের এক হোমস্টেতে কাজের সূত্রে গিয়েছিলেন হিমাদ্রি। গত শনিবার রাতে প্রবল বৃষ্টি ও ধসের জেরে ওই গ্রামের একাংশ এবং হোমস্টে ভেসে যায় জলের তোড়ে। সে রাতে হিমাদ্রি ছিলেন হোমস্টের পাশের একটি তাঁবুতে। রাত দশটা নাগাদ মাকে ফোন করে বলেন, পরিস্থিতি খারাপ হচ্ছে। কিছুক্ষণ পর হোমস্টের মালিককে ফোন করে জানান, ‘হয়তো আর ফিরতে পারব না। বাড়িতে খবরটা দিয়ে দেবেন।’ তার পর থেকেই নিখোঁজ হিমাদ্রি। ফোন বন্ধ। যোগাযোগের আর কোনো রাস্তা খোলা নেই।

বুধবার তাই ভাইয়ের খোঁজে সুখিয়াপোখরি পৌঁছেছেন হিমাদ্রির দাদা প্রিয়ব্রত পুরকাইত। সঙ্গে রয়েছেন আরো ৫ প্রতিবেশী। তাঁরা জানিয়েছেন, স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সোনাদা ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালাবেন। যে সব জায়গায় হিমাদ্রি আগে যেতেন, সেখানে খোঁজ চালানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ কামারপোল এলাকার বাসিন্দা হিমাদ্রির বাবা প্রশান্ত পুরকাইত বলেন, ‘’ছেলেটার পাহাড়ের প্রতি টান ছিল অপরিসীম। ফিরে এলেই বন্ধুদের সঙ্গে গান-বাজনায় মেতে থাকত। ওদের একটা গানের দলও রয়েছে ডায়মন্ড হারবারে। ওর খোঁজ না-পেয়ে ওর মা একেবারে ভেঙে পড়েছে।’

জেলা প্রশাসনের সহযোগিতায় প্রিয়ব্রত ও তাঁর দল এখন দার্জিলিংয়ে। থাকার ব্যবস্থা করেছে প্রশাসনই। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তল্লাশির কাজে নেমেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের পর্যবেক্ষক শামিম আহমেদ ইতিমধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-র সঙ্গে কথা বলেছেন। শামিম বলেছেন, ‘হিমাদ্রিকে খুঁজে বার করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সাংসদ-সহ আমরা সবাই ওর পরিবারের পাশে রয়েছি।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে সোনাদা ও পার্শ্ববর্তী নদী-খাল, পাহাড়ি ধস এলাকা জুড়ে চলছে তল্লাশি। হিমাদ্রির বন্ধুরা একযোগে খোঁজ চালাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত তাঁর কোনো চিহ্ন মেলেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!