Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৬

রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ, সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি। বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ, সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি। বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হতেই দ্রুত কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই হিঙ্গলগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ জমা পড়েছিল বলে সূত্রের খবর।

নির্বাচন কমিশনের সচিব সুজিতকুমার মিশ্র রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানান, সন্দীপ সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, স্থানীয় অসাধু চক্রের সঙ্গে গোপন আঁতাঁত এবং সব রাজনৈতিক দলকে সমান সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে তাঁকে অবিলম্বে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে, শুক্রবার বেলা ১১টার মধ্যে এই সাসপেনশন কার্যকর করে তার রিপোর্ট পাঠাতে হবে। যদিও হিঙ্গলগঞ্জ থানার নতুন ওসি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। তবে দ্রুত ওই পদে নতুন অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।

উল্লেখযোগ্যভাবে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন এ বার শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে। এর আগেও একাধিক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। হলদিয়ায় পোস্টাল ভোটিংয়ের সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কনস্টেবল মাসুদ করিমকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া নৈহাটিতে পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে করে এসডিও দফতরে পৌঁছে দেওয়ার অভিযোগে মহাবীর বেরাকেও সাসপেন্ড করেছে কমিশন। সব মিলিয়ে, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!