- দে । শ
- অক্টোবর ১৩, ২০২৫
যাত্রী পরিষেবা বাড়াতে পরিদর্শন রেল কর্তার । বসিরহাট-হাসনাবাদ রেলপথে এবার ডবল লাইন ?
তাহলে কি খুব শিগগির ডবল লাইনের কাজ শুরু হতে চলেছে শিয়ালদহ–হাসনাবাদ শাখার বসিরহাটের চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত। পূর্ব রেল সূত্রে সেরকমই ইঙ্গিত মিলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই সেই কাজ শুরু হবে। সেই কাজের পরিকল্পনা রূপায়নের জন্য শনিবার চাঁপাপুকুর থেকে হাসনাবাদ স্টেশনের মধ্যে একাধিক রেল স্টেশনে পরিদর্শন করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।
শনিবার দুপুরে তিনি বিশেষ ট্রেন প্রথমে চাঁপাপুকুর স্টেশনে এসে পৌঁছন। তারপর বসিরহাট রেল স্টেশন ও সবশেষে হাসনাবাদ স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টারদের সঙ্গে ডাবল লাইনের কাজের বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে কিভাবে কাজ দ্রুত শুরু করা যায় এবং ডবল লাইন করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিনা সেই বিষয়ে বিষদে আলোচনা করা হয়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চাঁপাপুকুর থেকে হাসনাবাদের মধ্যে ১৬.৩ কিলোমিটার ডবল লাইন করা হবে। তাতে উপকৃত হবেন বসিরহাট, টাকি, হাসনাবাদ ও বাদুড়িয়া ব্লকের মানুষ। সুবিধা পাবেন সুন্দরবনের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লক সহ বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ মানুষ। টাকির পাশাপাশি সুন্দরবনের পর্যটন অঞ্চলের যোগাযোগ সুগম হবে। পূর্ব রেলের তরফে এও জানানো হয়, বর্তমানে এই শাখায় আপ–ডাউন মিলিয়ে মোট ২৩ জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। ডবল লাইনের কাজ সম্পূর্ণ হলে বাড়বে ট্রেনের সংখ্যাও। এদিনের এই পরিদর্শন নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সক্সেনা বলেন, ‘যাত্রী পরিষেবা বাড়ানোর জন্য আর কি কি সুবিধা এই সমস্ত স্টেশন গুলিতে প্রদান করা যায় তা খতিয়ে দেখা হয়েছে। চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন প্রসঙ্গে তিনি বলেন, ‘সবে আমরা পরিদর্শন করলাম। এখানে ডবল লাইন করার মতো পরিস্থিতি আছে কিনা সব দিক বিবেচনা করে দপ্তর সিদ্ধান্ত নেবে।’ তবে এদিনের পরিদর্শনের পর এই শাখার নিত্যযাত্রী থেকে শুরু করে সবজি ও মাছের কারবারি, সাধারণ মানুষ অনেকটাই আশাবাদী।
❤ Support Us





