Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২১, ২০২৬

১৩ বছর পর হাওড়ায় হবে পুরভোট, দুর্নীতির তদন্তেও কড়া বার্তা শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
১৩ বছর পর হাওড়ায় হবে পুরভোট, দুর্নীতির তদন্তেও কড়া বার্তা শুভেন্দুর

দীর্ঘ ১৩ বছর পর অবশেষে হাওড়া পুরসভায় নির্বাচনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে তিনি জানান, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া পুরনিগম এবং বালি পুরসভায় ভোট অনুষ্ঠিত হবে। শুধু নির্বাচনই নয়, তার আগে ওয়ার্ড ডিলিমিটেশনের কাজও শুরু হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। এরপর ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হলেও আর কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত আট বছর ধরে পুরপ্রশাসক মণ্ডলীর মাধ্যমেই পুরসভার কাজ চলছিল। এই সময়ে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। পাশাপাশি বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগও সামনে আসে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমরা একটি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করি। পুরসভায় জনগণের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু পরিষেবা সম্ভব নয়। তাই সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালিতে নির্বাচন হবে।”

তিনি আরও জানান, ডিলিমিটেশন-সহ নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “পুরমন্ত্রী বর্তমানে দুর্গাপুরে আছেন। তাঁর সঙ্গে আলোচনা করে ডিলিমিটেশন ও অন্যান্য প্রশাসনিক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

শুধু নির্বাচন নয়, দুর্নীতির বিরুদ্ধেও কড়া অবস্থানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাওড়া পুরনিগমে বেআইনি নির্মাণ, জলাশয় দখল এবং অন্যান্য আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করা হবে। ইতিমধ্যেই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও পুরসভায় অস্থায়ী কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, হাওড়া পুরসভায় প্রায় ১৭০০ অস্থায়ী কর্মী রয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন কোনও কাজ না করেই বেতন পাচ্ছেন। এই বিষয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!