Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৬

বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে এইচপিভি টিকা, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে রাজ্যের নতুন নির্দেশিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে এইচপিভি টিকা, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে রাজ্যের নতুন নির্দেশিকা

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও বিনামূল্যে দেওয়া হবে এইচপিভি ভ্যাকসিন। এই কর্মসূচি সঠিকভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালগুলির জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (এসওপি) জারি করেছে।

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই টিকা দেওয়ার জন্য কোনো বেসরকারি হাসপাতাল গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের ‘সার্ভিস চার্জ’ বা ফি নিতে পারবে না। যদি টাকা নেওয়ার অভিযোগ ওঠে বা অন্য কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট টিকাকরণ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী বেসরকারি হাসপাতালগুলিকে প্রথমে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। অনুমতি পাওয়ার পর সপ্তাহে সর্বোচ্চ ২ দিন টিকাকরণের কাজ করা যাবে।

ভ্যাকসিন ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। ‘কোল্ড–চেন’ থেকে ভ্যাকসিন সংগ্রহ করা, টিকাকরণ সেশন শেষে ব্যবহৃত খালি ভায়াল এবং অব্যবহৃত ভর্তি ভায়াল ফেরত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপরই থাকবে। এছাড়া কোনো ভায়াল খোলার ৪ ঘণ্টা পর সেই ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। টিকাকরণ শুরু করার আগে সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি টিকাকরণের তথ্য বাধ্যতামূলকভাবে ‘ইউ–উইন’ পোর্টালে নথিভুক্ত করতে হবে।

যেখানে টিকা দেওয়া হবে, সেসব কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে। হাত ধোওয়ার সুবিধা এবং টিকাকরণের পরে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখার জন্য আলাদা ঘরের ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও প্রতিটি টিকাকরণ কেন্দ্রে একজন মেডিক্যাল অফিসারের উপস্থিতি থাকা আবশ্যিক। যে কোনো সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের আধিকারিকরা কেন্দ্রগুলি পরিদর্শনে যেতে পারেন বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচিকে আরও বিস্তৃত করা এবং যত বেশি সম্ভব মানুষকে এর আওতায় আনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!