Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৫, ২০২৫

বাংলার বুকে গুপ্তধন! কাঁকপুল-রানাঘাটে বিপুল তেল-গ্যাস ভাণ্ডারের হদিস, সংসদে জানাল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার বুকে গুপ্তধন! কাঁকপুল-রানাঘাটে বিপুল তেল-গ্যাস ভাণ্ডারের হদিস, সংসদে জানাল কেন্দ্র

অশোকনগরের পর ফের সুখবর। উত্তর ২৪ পরগনার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাটের মাটির তলায় মিলল বিপুল জ্বালানি ভাণ্ডার। কেন্দ্রীয় সংস্থা তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের খননে আবিষ্কৃত এই শক্তি ভাণ্ডারের আনুমানিক পরিমাণ ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন। বাজারমূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা। সংসদে এমনটাই জানাল ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

বৃহস্পতিবার বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে রাজ্যসভায় এ তথ্য জানায় কেন্দ্র। জানা যায়, ওএনজির অধিনে ডাব্লিউবি-ওএনএন-২০০৫/৪ নম্বর ব্লকে পাওয়া গিয়েছে নতুন তেল-গ্যাসের ভাণ্ডার। উত্তর ২৪ পরগনার কাঁকপুলে ২৭৩০ মিটার এবং নদিয়ার রানাঘাটে ২৭১৯ মিটার গভীরে খননে ইতিমধ্যেই ধরা পড়েছে প্রাকৃতিক গ্যাসের গুপ্তভাণ্ডার।

পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, নতুন এই আবিষ্কার দেশের জ্বালানি ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি রাজ্যের অর্থনীতিতেও বড়োসড়ো প্রভাব ফেলতে পারে। রাজস্ব আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, জাতীয় জ্বালানি নিরাপত্তাও আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য এটাই প্রথম নয়, এর আগে অশোকনগরে তেল খনির হদিশ পেয়েছে ওএনজিসি। তবে ৩৮০৫ মিটার গভীরে খনন চলার পর যান্ত্রিক সমস্যার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। এ বার ফের কাঁকপুল ও রানাঘাটের সাফল্য রাজ্যের জ্বালানি মানচিত্রে নতুন দিশা দেখাবে কি না, সে দিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও একই রকম সম্ভাবনা দেখছে কেন্দ্রীয় সংস্থা। বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় পরীক্ষামূলক খনন শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে ৩ বছরের চুক্তিতে জমি নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!