- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৯, ২০২৬
‘বিজেপি-র সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল !’, হুমায়ুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ তৃণমূলের
তৃণমূল সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবীরের ১৯ মিনিটের ভিডিও ‘ফাঁস’ করেছে। তৃণমূলের অভিযোগ, হুমায়ুন কবীর ১০০০ কোটি টাকার ডিল করেছেন, যার মধ্যে ৩০০ কোটি টাকা আগাম দেওয়া হয়। তৃণমূলের দাবি, এই বিষয় নিয়ে ইডি-র তদন্ত করতে হবে।
তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে কোনও একজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হুমায়ুনকে। সামনের জনের চেহারা দেখা যাচ্ছে না। শুধুমাত্র হুমায়ুন কবীরকে দেখা যাচ্ছে। তবে দু-জনের কথোপকথন স্পষ্ট। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরম্ভ ওয়েব ডেস্ক। তবে ভিডিও-য় যা কথোপকথন রয়েছে তা নিচে উল্লেখ করা হল-
হুমায়ুন: আমার কাজটি তখন হবে, যখন আমার কাছে ১০০০ কোটি টাকা থাকবে।
প্রশ্নকর্তা : ‘১০০০ কোটি টাকা?’
হুমায়ুন: আপনার থেকে যেই ১০০০ কোটি টাকা চাইছি, আমি ৩০০ কোটি টাকা রেখে দেব। বিহারে নীতীশ কুমার ঠিক যা করেছিল।
প্রশ্নকর্তা: হ্যাঁ।
প্রশ্নকর্তা: মুসলিমরা খুব ভোলাভালা। সাদাসিধে প্রকৃতির হয়।
হুমায়ুন: (হাসতে হাসতে) হ্যাঁ, ওদের বোকা বানানো খুব সহজ কাজ একটা।
হুমায়ুন: আজকের দিনে ১০০টা মুসলমানকে আমার ব্যাপারে খারাপ কথা বললে আপনাকে মেরে দেবে। করে দেখে নিন।
প্রশ্নকর্তা : আপনি মুসলমানদের ইমোশনটা ধরে ফেলেছেন।
প্রশ্নকর্তা: বাবরি মসজিদের পুরো ইমোশনটা ধরে ফেলেছেন আপনি।
হুমায়ুন: জেনে শুনেই তো এটা তুলেছিলাম। আমাকে অনেকে বলেছিল বাবরি মসজিদ নামটি ছেড়ে দাও। অন্য কোনও নামে মসজিদ করো। কিন্তু অন্য় নামে মসজিদ করলে আবেগটা আর থাকত না।
হুমায়ুন: বিরোধী দলনেতার সঙ্গে আমার কথা হয়েছিল।
প্রশ্নকর্তা: শুভেন্দু অধিকারীর সঙ্গে?
হুমায়ুন: হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলল, আপনি দিল্লি যান ২২ তারিখের পর। আমিও যাব আপনার সঙ্গে। আলাপ করিয়ে দেব। সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা বলিয়ে দেব। এর পর সরাসরি…ওই মোহন যাদবজী আছেন না! মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওঁর সঙ্গে আমার কানেকশন থেকে গিয়েছে। জানান, ‘পিএমও-র সঙ্গে কথা হয়েছে আমার। আপনার সঙ্গে কানেকশন রাখতে…’
প্রশ্নকর্তা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছে?
হুমায়ুন: হ্য়াঁ।
প্রশ্নকর্তা: না, আমরা বেবেছিলাম অসমের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আছেন।
হুমায়ুন: অসমের মুখ্যমন্ত্রী দায়িত্বে আছেন। কিন্তু পরবর্তী কালে পিএমও মোহন যাদবজীকে আমার সঙ্গে কথাবার্তা চালাতে বলে। দু’জনেই আমার সঙ্গে কথা বলে। বিজেপি ১০০ থেকে ১১০ বা ১২০ পর্যন্তই যেতে পারবে। কিন্তু আপনারা ১৪৮ আসন পাবেন না। যতবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, ওঁকেও আমি একই কথা বলেছি। শুভেন্দু অধিকারীও মেনে নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে মোহন যাদবের কথা হয়েছে। আপনি যদি ৭০-৮০টি আসনে জিতে যান, তাহলে ডায়রেক্ট আপনাকে ডেপুটি মুখ্যমন্ত্রী বানিয়ে দেব।
প্রশ্নকর্তা: ডেপুটি মুখ্যমন্ত্রী?
হুমায়ুন: হ্যাঁ। শুভেন্দু অধিকারী আমাকে জানিয়েছিল, যে আমাকে দিল্লি নিয়ে যাবে আর বাংলার ইলেকশন যে হেড তার সঙ্গেও দেখা করাবে। মোহন যাদবজী আমাকে জানিয়েছিলেন, তিনি ডায়রেক্ট কথা বলেছেন পিএমও-র সঙ্গে আমাকে নিয়ে।
অন্যদিকে, তৃণমূলের ‘ফাঁস’ করা বিতর্কিত ভিডিয়ো নিয়ে সরাসরি পাল্টা আক্রমণ করেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির সাহায্যে ভিডিয়োটি ‘তৈরি’ করা হয়েছে, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হুমায়ুনের অভিযোগ, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে পরিকল্পিত ভাবে কুৎসার কৌশল নিয়েছে শাসক দল। নাম করে তিনি আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমের দিকে। তাঁর চ্যালেঞ্জ, ‘১০০০ কোটি তো দূরের কথা, ১ কোটি টাকারও ডিলের প্রমাণ যদি দেখাতে পারে, তা হলে জনতার রায় মেনে রাজনীতি থেকেই সরে দাঁড়াব।’ একই সঙ্গে হুঁশিয়ারি, ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারলে মানহানির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। হুমায়ুনের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সংখ্যালঘুদের উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছেন তিনি, আর সে কারণেই তাঁকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে এমন ‘এআই-চালিত’ প্রচার বলে অভিযোগ তাঁর।
❤ Support Us







