- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১১, ২০২৫
চরমে বায়ু দূষণ, দিল্লির প্রাথমিক বিদ্যালয়ে চালু ‘হাইব্রিড শিক্ষাদান’
শীতের শুরুতেই রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, দিল্লির শিক্ষা দপ্তরকে জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করতে হয়েছে। নির্দেশে বলা হয়েছে, সকল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং অনুমোদিত বেসরকারি বিদ্যালয়কে অবিলম্বে ক্লাস পাঁচ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘হাইব্রিড’ পদ্ধতিতে ক্লাস নিতে হবে। অর্থাৎ, কচিকাঁচারা কয়েকদিন স্কুলে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে এবং অনান্য দিনগুলোতে ঘরে বসে অনলাইন মাধ্যমে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাবে। এই সিদ্ধান্তে বিশেষভাবে শিশুদের স্বাস্থ্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা পরিচালনা অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লি এবং এর আশপাশের অঞ্চলে বায়ুর মান মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তাই গ্রেডেড প্রতিক্রিয়া কর্মসূচির তৃতীয় পর্যায় অনুযায়ী সমস্ত সংস্থা অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ চালু রয়েছে। শিশুদের স্বাস্থ্য রক্ষা ও বায়ু দূষণ থেকে সুরক্ষা দেওয়াই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।’ শিক্ষা দপ্তরের বিবৃতিতে আরো নির্দেশ দেওয়া হয়েছে, বিদ্যালয়গুলিকে শিক্ষার্থীদের অভিভাবক এবং পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ‘হাইব্রিড শিক্ষাদান’-এর সম্পর্কে অবহিত করতে হবে। একই সঙ্গে স্কুল প্রশাসনকে নিশ্চিত করতে হবে, যাতে অনলাইন এবং স্কুলের উপস্থিত পাঠক্রমের মধ্যে সঠিক সমন্বয় থাকে এবং শিক্ষার্থীরা কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হয়।
পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিল্লির বায়ু মান সূচক এখনও গুরুতর পর্যায়ে রয়েছে। এমন ভয়ংকর পরিস্থিতি শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই শিশুদের বাইরে বের হওয়া সীমিত করার সঙ্গে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হাইব্রিড পদ্ধতি কার্যকর পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান, ‘প্রায় সমস্ত বিদ্যালয়কে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা আশা করি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা দ্রুত নতুন ব্যবস্থা অনুযায়ী অভিযোজিত হতে পারবে। শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে সমন্বয় স্থাপন করাই আমাদের প্রধান লক্ষ্য।’ প্রসঙ্গত, দিল্লি সরকার এ মুহূর্তে বায়ু দূষণের সঙ্গে মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, অবিলম্বে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করবার লক্ষ্যে দিল্লি সরকার ও কেন্দ্রকে উল্লেখযোগ্য পদক্ষেপ করতে হবে। না হলে অদূর ভবিষ্যতে অচিরেই, শিশুদের স্কুলে গিয়ে পড়াশোনার পাঠ বন্ধ হয়ে যেতে পারে।’
❤ Support Us







