- দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
সুদানে পরিত্যক্ত এয়ারস্ট্রিপে বিমানের নাটকীয় অবতরণ। ১২১জন ভারতীয়কে দেশে ফেরালো বায়ুসেনা
এপর্যন্ত সুদান থেকে দেশে ফিরেছেন ১ হাজার ৩৬০জন ভারতীয় নাগরিক
সুদানে গৃহযু্দ্ধের পরিস্থিতিতে সেদেশের একটি ছোট্ট এয়ারস্ট্রিপ ১২১ জন ভারতীয়কে ফের উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বিমানবাহিনীর সি- ১৩০ জে হারকিউলিস নামে পণ্যবাহী বিমানে চাপিয়ে ওঁদের উদ্ধার করা হয়েছে। বিমান অবতরণের জন্যে যে ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজনীয় সুদানের ওয়াদি সেয়িদনা এয়ারস্ট্রিপে সেসবের কোনও ব্যবস্থাই নেই। এছাড়া ওই এয়ারস্ট্রিপে জ্বালানিরও কোনও ব্যবস্থা ছিল না।
১২১জনকে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে উদ্ধার করতে বায়ুসেনার সি -১৩০ হারকিউলিস বিমানের পাইলটরা নাইট ভিশন গগলস বা এনভিজিস ব্যবহার করেছেন। এছাড়া ওই বিমানের কর্মীরা ইলেট্রো অপটিক্যাল অথবা ইনফ্রা-রেড সেন্সরও ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে। যাতে বিমান ওঠানামার ক্ষেত্রে কোনও ব্যাঘাত না হয়, এজন্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ছোট্ট এয়ারস্ট্রিপটি সুদানের রাজধানী খারতুম থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, উদ্ধারকাজে লাগানো হয় ভারতীয় বায়ুসেনার আটজন কমান্ডোকে। আড়াই ঘণ্টা ধরে উদ্ধারের কাজ চলে বলে জানা গিয়েছে।
সুদানে সেনা ও আধা সেনার মধ্যে সংঘর্ষের জেরে ভয়াবহ পরিস্থিতি দেখা দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনার বিমান ও নৌ-সেনার জাহাজে চাপিয়ে সুদান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ পর্যায়ক্রমে চলছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইতিমধ্যে ১ হাজার ৩৬০জন ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। আগামীদিনেও চলবে উদ্ধারের কাজ।
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, সুদানের প্রায় পরিত্যক্ত যে এয়ারস্ট্রিপ থেকে বৃহস্পতিবার রাতে শতাধিক ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, এক্ষেত্রে ঝুঁকি এড়াতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। যেমন, বায়ুসেনার সি- ১৩০ জে হারকিউলিস বিমান এয়ারস্ট্রিপে অবতরণ করার পরে বিমানের ইঞ্জিন বন্ধ করা হয়নি। শতাধিক ভারতীয়কে উদ্ধারের কাজের নেতৃত্ব দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন রবি নন্দা।
❤ Support Us






