- দে । শ
- মার্চ ২৮, ২০২৫
রক্তের আকাল। শিবির করে রক্ত দিলেন কালনার মহকুমাশাসক, সরকারি আধিকারিকরা
চরম রক্ত সঙ্কট চলছে কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। খবর পেয়ে এগিয়ে এলেন মহকুমার আইএএস, ডব্লিউবিসিএস আধিকারিকরা। কালনা মহকুমা প্রশাসনের উদ্যোগে ট্রেজারি বিল্ডিংয়ের মিটিং হলে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলেন মহকুমাশাসক শুভম আগরওয়াল, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজ কুমার, কালনা ১ ও ২নং ব্লকের বিডিও সুপ্রতীক সাহা, অনিরুদ্ধ মণ্ডল, পরিবহণ আধিকারিক দেবদুলাল চট্টোপাধ্যায়-সহ একঝাঁক সরকারি আধিকারিক ও কর্মীরা।
রমজান মাস ও গরম আবহাওয়ার কারণে এখন রক্তদান শিবির হচ্ছে না। ফলে কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বেশ কিছু গ্রুপের মজুত রক্তের পরিমাণ একবারে শূন্যে নেমেছে। এটা জেনেই মহকুমা প্রশাসন রক্তদান শিবিরের উদ্যোগ নিল। মোট ২৬ জন রক্ত দিলেন। রক্ত দিয়ে কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল বললেন, ‘হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তসঙ্কট কাটাতেই এই রক্তদান শিবির। আগামী সপ্তাহে আরও একটি শিবির করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ রক্তদানকারী ২ বিডিও জানান, ‘রক্তদানের অর্থ হল জীবনদান। রক্তদানের মত মহান কাজে নিজেদের শামিল করতে পেরে খুবই ভালো লাগছে।’ ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিশ্বাস, এসডিও, বিডিওরা রক্ত দেওয়ায় অনেকেই রক্তদান শিবির গড়তে উৎসাহিত হবেন।
❤ Support Us





