Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২২, ২০২৫

আইসিসি–র কড়া মনোভাবে উল্টোসুর, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখবে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিসি–র কড়া মনোভাবে উল্টোসুর, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়া নিয়ে কম জল ঘোলা করেনি ভারত। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে হাইব্রিড মডেল মানতে বাধ্য করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এবার আবার নতুন বায়না শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের এই বায়নাতে ক্ষিপ্ত পাকিস্তান। আইসিসি–ও কড়া। আইসিসি–র কড়া মনোভাবে উল্টোসুর ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইসিসি–র যে কোনও প্রতিযোগিতায় সব দলের জার্সিতে প্রতিযোগিতার লোগোর নিচে আয়োজক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনও কারণে প্রতিযোগিতা অন্য কোনও দেশে সরে গেলেও আয়োজক দেশের নামই লেখা থাকে। যেমন ২০২১ সালে টি২০ বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাশাহীতে সরে গিয়েছিল। কিন্তু সব দলকেই ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলতে হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে সরে গেলেও প্রতিযোগিতার আয়োজক তো পাকিস্তানই। তাই সব দলকেই পাকিস্তান লেখা জার্সি পরে খেলতে হবে।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান লেখা জার্সি পরে খেলতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তানে পাঠাতে চায় না। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘‌বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। প্রথমে ওরা পাকিস্তানে আসতে অস্বীকার করল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাইছে না।’‌
এই ব্যাপারে রীতিমতো কড়া আইসিসি। তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আইসিসি–র পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম সকলের জন্যই প্রযোজ্য। যদি কোনও দেশ অন্য পথে হাঁটে তাহলে কড়া শাস্তির নিদান রয়েছে প্রতিযোগিতার নিয়মে। আইসিসি সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, জার্সিতে প্রতিযোগিতার লোগো ও আয়োজক দেশের নাম রাখা অংশগ্রহণকারী দেশগুলিরই দায়িত্ব। সকলেই এই নিয়ম মেনে চলতে বাধ্য।
আইসিসি–র কড়া মনোভাবে সুর পাল্টে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিয়েছেন, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সি সম্পর্কিত আইসিসি–র সব নিয়ম মেনে চলবে। তিনি বলেন, ‘‌চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন আইসিসির প্রতিটি ইউনিফর্ম-সম্পর্কিত নিয়ম মেনে চলবে বিসিসিআই। অন্যান্য দলগুলি লোগো এবং ড্রেস কোড সম্পর্কে যাই করুক না কেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব।’‌ তবে উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মা যোগ দেবেন কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি ভারতীয় বোর্ড সচিব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!