- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৩
সেমিফাইনালে যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে
বুধবার চুটিয়ে অনুশীলন করলেও বৃহস্পতিবার আর ইডেন মুখো হয়নি পাকিস্তান। কলকাতার হোটেলে বসে থাকলেও বাবর আজমদের মন পড়েছিল বেঙ্গালুরুতে, নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচে। কারণ এই ম্যাচের ওপরেই নির্ভর করছিল পাকিস্তানের সেমিফাইনালের ভাগ্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় কার্যত সেমিফাইনালের স্বপ্ন শেষ করে দিল পাকিস্তানের। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র অভাবনীয় জয়ই পারে পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে যেতে।
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার কাছে নিউজিল্যান্ড হারলে কিংবা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তানের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। কারণ নিউজিল্যান্ডের নেট রান রেট পাকিস্তানের থেকে অনেকটাই ভাল ছিল। এদিন শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি নিউজিল্যান্ড নেট রান রেট এমন জায়গায় নিয়ে গেল, যা পাকিস্তানের ধরা ছোঁয়ার বাইরে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৬.৪ ওভারে তুলেছিল ১৭১ রান। জবাবে ২৩.২ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। একইসঙ্গে কঠিন করে দেয় পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা।
ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আগেই সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেছে। চতুর্থ স্থানের জন্য লড়াই ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে হারিয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছে গেল নিউজিল্যান্ড। নেট কিউয়িদের নেট রান রেট + ০.৭৪৩। অন্যদিকে, ৮ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের নেট রান রেট + ০.০৩৬। আর আফগানিস্তানের নেট রান রেট – ০.৩৩৮।
নিউজিল্যান্ড নেট রান রেট আরও বাড়িয়ে নেওয়ায় পাকিস্তানের সামনে সেমিফাইনালের অঙ্ক আরও কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলে ১০ পয়েন্টে পৌঁছবে পাকিস্তান। পয়েন্টের বিচারে নিউজিল্যান্ডকে ধরে ফেলবে। ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নেট রান রেট। নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে গেলে পাকিস্তানকে অসম্ভবকে সম্ভব করতে হবে।
পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তাহলে ২৮৭ কিংবা ২৮৮ রানে জিততে হবে। অর্থাৎ পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৪০০ রান তোলে তাহলে ইংল্যান্ডকে ১১২ রানে গুটিয়ে দিতে হবে। আর যদি প্রথমে বোলিং করে তাহলে ২৮৪ বল বাকি থাকতে ইংল্যান্ডের রান টপকাতে হবে। তাহলেই নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। এই অঙ্কটা এক প্রকার অসম্ভব বললেই চলে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন কী হয়, কেউ বলতে পারবে না। পাকিস্তানের ক্ষীণ সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের কাজ আরও কঠিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
❤ Support Us






